পুলিশের কাজে বাধা ও মারপিটের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কাজে বাধাদান ও পুলিশকে মারপিট করার অভিযোগে ছাত্রলীগ ও কৃষক লীগের ২ নেতাসহ ৪৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন নাটোরের গুরুদাসপুর আমলি আদালত। আজ বুধবার দুপুরে এই আদেশ হওয়ায় আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়।

গুরুদাসপুর আমলি আদালতের কোর্ট জিআরও শফিকুজ্জামান জানান, পুলিশের কাজে বাধা প্রদান ও পুলিশকে মারপিটের অভিযোগে দায়ের করা গুরুদাসপুর থানার একটি মামলায় মোট আসামি ৬৬ জন। তাঁদের মধ্যে গুরুদাসপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ মোল্লাসহ ৬ জন স্থায়ী জামিনে রয়েছেন। বাকি ৫৯ জন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অস্থায়ী জামিনে ছিলেন। ইতিমধ্যে তাঁদের জামিনের মেয়াদ শেষ হয়েছে। এ অবস্থায় আজ ৪৫ জন আসামি আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

জামিন বাতিল হওয়া আসামিদের মধ্যে গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারী (৬২), জেলা পরিষদের সদস্য মেহেদী হাছান (৪০), পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ (৪২), গুরুদাসপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর একরাম হোসেন (৩৪) প্রমুখ রয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী আবদুল আজিজ জানান, আসামিরা হাইকোর্টের আদেশে জামিনে ছিলেন। হাইকোর্ট জামিনের মেয়াদ বর্ধিত না করায় আমলি আদালত আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

২০১৭ সালের ১১ মে গুরুদাসপুরে পুলিশের সঙ্গে পৌর মেয়র শাহনেওয়াজ মোল্লার সমর্থকদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান বাদী হয়ে পৌর মেয়রসহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে ওই থানার উপপরিদর্শক নুর আলম তদন্ত করে ৬৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।