পুলিশের তালিকায় আসেনি দুজন প্রার্থীর মামলার তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে দুজন প্রার্থীর ফৌজদারি মামলার তথ্য পুলিশের সরবরাহ করা তথ্যবিবরণীতে উঠে আসেনি। একই পদের আরও দুজন প্রার্থী হলফনামায় ফৌজদারি মামলার তথ্য গোপন করায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এই চারজন প্রার্থী হলেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী এ কে এম জাহিদুর রহমান ও শফিকুল ইসলাম এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আমিনুল ইসলাম ও ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী বিদ্যুৎ কুন্ডু। এর মধ্যে এ কে এম জাহিদুর রহমান ও শফিকুল ইসলামের ফৌজদারি মামলার তথ্য পায়নি নিবার্চন কর্মকর্তা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ৫ ডিসেম্বর শেরপুর থানা থেকে পৌর নির্বাচনে মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীদের নামে মামলাসংক্রান্ত তথ্য সরবরাহ করা হয়।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের প্রার্থী এ কে এম জাহিদুর রহমান তাঁর নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন তাঁর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা বগুড়ার আদালতে বিচারাধীন আছে। একই ওয়ার্ডের আরেক সাধারণ কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম তাঁর হলফনামায় উল্লেখ করেছেন তাঁর নামেও একটি ফৌজদারি মামলা আছে। তবে এই দুজন প্রার্থীর ফৌজদারি মামলার তথ্যবিবরণী পুলিশের পাঠানো তালিকায় আসেনি।
অন্যদিকে পুলিশের পাঠানো তালিকায় ৬ নম্বর ওয়ার্ড সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী আমিনুল ইসলাম ও ৮ নম্বর ওয়ার্ডের বিদ্যুৎ কুন্ডুর নামে ফৌজদারি মামলার তথ্য উঠে আসে। কিন্তু এ দুজন প্রার্থী তাঁদের নির্বাচনী হলফনামায় মামলার তথ্য গোপন করছিলেন। এ কারণে ৬ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা তাঁদের মনোনয়নপত্র বাতিল করেন।
থানার ওসি খান মো. এরফান বলেন, ৫ ডিসেম্বর সিডিএমএস সার্ভার দুর্বল হয়ে থাকায় ওই দুজন প্রার্থীর ফৌজদারি মামলার তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে পাওয়া যায়নি।