পুলিশের বাধায় বিএনপির মিছিল, পথসভা পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গতকাল শুক্রবার বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন তাঁরা। একই দিন পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের লাঠিপেটায় বিএনপির পথসভা পণ্ড হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি শহরের জনতা ব্যাংকের মোড়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ পর্যায়ে নেতা-কর্মীরা প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী, সহসভাপতি আজম খান, সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, তানজিমুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করছে। তাঁরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুক্তির দাবি জানান। সমাবেশ শেষে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নিলটুলী এলাকার মুজিব সড়ক দিয়ে শহরের জনতা ব্যাংক মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ আবারও তাঁদের বাধা দেয়।
বিএনপির নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের বর্ণনা অনুযায়ী, গতকাল সকাল ১০টায় কলাপাড়া বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে কাপুড়িয়া পট্টি অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। একপর্যায়ে বাধা উপেক্ষা করে মিছিলটি শহরের মনোহরী পট্টি এলাকা অতিক্রম করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে পথসভা শুরু করে। পথসভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন বক্তব্য দেন। এরপর কলাপাড়া পৌর বিএনপির সভাপতি নুর বাহাদুর বক্তব্য দিতে শুরু করেন। এ সময় পুলিশ এসে লাঠিপেটা শুরু করলে পথসভাটি পণ্ড হয়ে যায়। লাঠিপেটায় নুর বাহাদুর আহত হয়েছেন।