পুলিশের বাধায় বক্তব্য দিতে পারেননি শামা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে গতকাল সোমবার পুলিশের বাধায় বক্তব্য দিতে পারেননি বিএনপির বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবুল কালাম আজাদ বলেন, দৌলতদিয়া ব্যস্ততম ঘাট। এখানে প্রতিনিয়ত যানবাহন ওঠানামা করছে। এ ছাড়া বিএনপির একাধিক পক্ষ স্লোগান দেওয়ায় বিশৃঙ্খলা তৈরি হয়। তাই বাধ্য হয়ে স্লোগান বা বক্তব্য না দিতে তাঁদের বারণ করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নেতা-কর্মীরা বলেন, বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সাংগঠনিক সম্পাদকের পদ পাওয়ার পর শামা ওবায়েদ এবারই প্রথম নিজ বাড়ি ফরিদপুর যাচ্ছিলেন। গতকাল দুপুর ১২টার দিকে তিনি দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে নামেন। এখানে গোয়ালন্দ, রাজবাড়ী ও ফরিদপুর অঞ্চলের বিপুলসংখ্যক নেতা-কর্মী তাঁকে ফুল দিয়ে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিলেন। ফেরি থেকে নেমে তিনি হেঁটে টার্মিনাল পর্যন্ত যান।
এ সময় রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ এবং সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এম এ খালেক ও আরেক সহসভাপতি আসলাম মিয়ার নেতা-কর্মীরা নিজ নেতার পক্ষে স্লোগান দিতে থাকেন। এ সময় হট্টগোল ও বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে শামা ওবায়েদ কিছু বলতে মাইক হাতে নেন। এ সময় পুলিশ মাইক কেড়ে নিলে তিনি দ্রুত গাড়িতে উঠে ফরিদপুরের দিকে যান। এ অবস্থায় অপেক্ষমাণ নেতা-কর্মীরা ফিরে যান।