পুলিশের বাধায় বিএনপি নেতাদের কর্মসূচি পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে ‘মরণ ফাঁদ ফারাক্কার কবল থেকে বাংলাদেশ বাঁচাও’ শীর্ষক একটি সংবাদ সম্মেলন ও মুক্ত আলোচনা। গতকাল সোমবার বেলা ১১টায় শহরের পদ্মাপারের একটি রেস্তোরাঁয় এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) রাজশাহী শাখার ব্যানারে বিএনপির নেতারা ছিলেন এর আয়োজক।
গতকাল সকাল সাড়ে নয়টায় শহরের আলুপট্টি লঞ্চঘাটে একটি বড় নৌকায় সংবাদ সম্মেলন করা হবে বলে বিএনপির নেতাদের পক্ষ থেকে আগের দিন সন্ধ্যায় সাংবাদিকদের জানানো হয়েছিল। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সেখানে গিয়ে বিএনপির নেতারা দেখতে পান, যে নৌকায় বসে সংবাদ সম্মেলন করা হবে সেটি নদীর ওপারে। তাঁদের অভিযোগ, পুলিশ ওপারে নৌকাটি পাঠিয়ে দিয়েছে।
এরপর শহরের বড়কুঠি পদ্মাপারের একটি রেস্তোরাঁয় কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে একটি ব্যানার টানানো হয়। তাতে লেখা ছিল ‘মরণফাঁদ ফারাক্কার কবল থেকে বাংলাদেশ বাঁচাও’ শীর্ষক সংবাদ সম্মেলন ও মুক্ত আলোচনা। ব্যানারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁদের ছেলে তারেক রহমানের ছবি ছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত। সভাপতি ছিলেন এ্যাব রাজশাহীর চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-তথ্যপ্রযুক্তি সম্পাদক খলিদ হোসেন চৌধুরী।
ওই ব্যানার টানিয়ে বেলা ১১টার দিকে সভাপতি ও প্রধান অতিথিসহ সাবেক সাংসদ জাহান পান্না, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায়, জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মাহাবুবুর রহমান আসন গ্রহণ করেন। কিন্তু তৎক্ষণাৎ সেখানে বোয়ালিয়া মডেল থানার একদল পুলিশ ঢুকে পড়ে। তাদের চাপে বিএনপির নেতারা শেষ পর্যন্ত ব্যানার খুলে রেস্তোরাঁ থেকে বের হয়ে যান।
এরপর বাইরে এসে সৈয়দ শাহিন শওকত সাংবাদিকদের বলেন, ‘এটা আমাদের দলীয় কর্মসূচি ছিল না। আমাদের এ্যাবের নেতৃবৃন্দ কিছু গবেষণা করেছেন। আমরা সেই আলোকে সমস্যাগুলো সাংবাদিকদের মাধ্যমে তুলে ধরতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের তা করতে দিল না। কেন করতে দিল না আমরা জানি না।’
ঘটনাস্থলের পাশেই ছিলেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন। তিনি বলেন, ‘প্রতিটা কর্মসূচির জন্য অনুমতি নেওয়া কমিশনার স্যারের নির্দেশ।’
তাহলে বিএনপির নেতারা কি অনুমতি নেননি—প্রশ্নে ওসি বলেন, ‘এর বেশি কিছু বলতে পারব না। আমি ওসব জানি না। এই প্রথম আপনার কাছ থেকে শুনলাম।’