পুলিশের বাধায় মিছিল করতে পারেনি বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বাধায় চট্টগ্রাম নগর বিএনপির নেতা-কর্মীরা গতকাল বৃহস্পতিবার মিছিল করতে পারেননি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ ৪১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে গতকাল বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল স্থানীয় বিএনপি।
পুলিশের বাধা পেয়ে নগর বিএনপির নেতা-কর্মীরা গতকাল বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে সমাবেশ করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির সাবেক সহসভাপতি শামছুল আলম। এতে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপি নেতা এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর ও আবদুস সাত্তার।
বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, এই সরকারের পায়ের নিচে মাটি নেই। যখনই আন্দোলনের কর্মসূচি দেওয়ার সময় আসে, তখনই নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা চালানো ও অভিযোগপত্র দাখিল করা হয়। নেতা-কর্মীদের মনোবল ভেঙে দিতে সরকার মিথ্যা অভিযোগ দিচ্ছে। এভাবে চলতে দেওয়া যায় না। সরকারের সব অপকর্মের জবাব একদিন জনগণের কাছে দিতে হবে।
দলীয় নেতারা নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি করারও জোর দাবি জানান। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে চারজন নিয়ে নগর কমিটির কাজ চলছে। এ কারণে দলীয় কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে। নেতা-কর্মীদের আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত করা যাচ্ছে না।
বিএনপির সমাবেশ চলার সময় নাসিমন ভবন ও আশপাশে বিপুল পুলিশ অবস্থান নেয়। বিশেষ করে ফটক থেকে একজন কর্মীর বের হওয়ারও কোনো উপায় ছিল না। নাসিমন ভবন চত্বরে স্লোগান দিয়ে সমাবেশ শেষ করে বিএনপি।