পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-সমর্থিত প্রার্থী ও তাঁদের সমর্থকেরা অভিযোগ করেছেন যে পুলিশ তাঁদের হয়রানি করছে। পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের কর্মীরা তাঁদের মারধর ও ভয় দেখাচ্ছেন।

তবে হয়রানির এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ কমিশনারের মুখপাত্র ও মহানগর যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম গতকাল সাংবাদিকদের জানান, কাউকে হয়রানি করা হচ্ছে না। তবে যাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে, তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

রাজধানীর ৪১ নম্বর ওয়ার্ড, ওয়ারী, লারমিনি স্ট্রিট, র‌্যাংকিন স্ট্রিট এলাকার বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবারের মতো গতকাল সোমবারও বিএনপি-সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর ও তাঁদের কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে। পুলিশের ভয়ে অনেকেই ঘরবাড়ি ছেড়ে আত্মগোপন করেন।

 ওই ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ হোসেন প্রথম আলোর কাছে অভিযোগ করেন, দফায় দফায় তাঁর এবং তাঁর সমর্থকদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। তাঁদের বাড়ির লোকদের আগামী পাঁচ দিন বাড়িতে থাকতে নিষেধ করেছে।

সিদ্ধেশ্বরী, রমনা, কাকরাইল এলাকা নিয়ে গঠিত ১৯ নম্বর ওয়ার্ডের বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী আরিফুল ইসলাম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, রোববার রাতে রমনা এলাকায় যুবলীগের কর্মীরা তাঁর কার্যালয় ও বাসায় হামলা চালান। তিনি এ বিষয়টি থানা-পুলিশকে জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী জুনায়েদ সাকি অভিযোগ করেন, উত্তরা এলাকার যুবলীগের কর্মীরা তাঁর সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছেন। বাড্ডা কালাচানপুর এলাকায় কয়েকজনকে মারধর করা হয়েছে। তিনি এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন, কিন্তু পুলিশ তা কানে নেয়নি।

বিএনপি-সমর্থিত প্রার্থীদের হয়রানি ও তাঁদের সমর্থকদের গ্রেপ্তারের ব্যাপারে জানতে চাইলে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, পুলিশ বহিরাগতদের গ্রেপ্তার করবে। এ নিয়ে তাঁদের খোঁজা হচ্ছে। এ ছাড়া যাঁরা মামলার আসামি, তাঁদেরও গ্রেপ্তার করা হবে। কাউকে হয়রানি করা হচ্ছে না। তবে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।