পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ আ.লীগ বিদ্রোহী প্রার্থীর
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী গাজী খোরশেদ আলম তাঁর কর্মী-সমর্থকদের পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ করেছেন। সেই সঙ্গে আওয়ামী লীগের প্রার্থীদের সমর্থক প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং কর্মকর্তার নিয়োগ বাতিলের দাবি করেছেন। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থী গাজী খোরশেদ আলমের সঙ্গে কয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরমান আলীসহ প্রার্থীর সমর্থকেরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ বিদ্রোহী প্রার্থী বলেন, ‘আমি চার চারবার নির্বাচিত ও স্বর্ণপদক পাওয়া একজন সাবেক চেয়ারম্যান। এই নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছি। প্রার্থী হওয়ার পর থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমার প্রার্থিতা প্রত্যাহারের জন্য নানাভাবে হুমকি দিয়ে আসছে। বিষয়টি আমি প্রধান নির্বাচন কমিশনারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েছি। গত ২৯ মে রাতেও পুলিশ আমার কর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়েছে।’ তিনি আরও অভিযোগ করেন, ‘ওসি দেওয়ান কৌশিক আহমেদ নির্বাচনের শুরু থেকেই নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষ নিয়ে আমার কর্মী-সমর্থকদের হয়রানি করেই যাচ্ছেন।’
তবে ওসি দেওয়ান কৌশিক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অন্যায়ভাবে পুলিশকে দোষারোপ করা হচ্ছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকার বলেন, নিরপেক্ষভাবে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। প্রার্থীর অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।