পুড়িয়ে মানুষ মারায় খালেদার বিচার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাস-নাশকতার’ প্রতিবাদে গতকাল রংপুরের মিঠাপুকুর উপজেলার শাপলা চত্বরে ১৪ দলের জনসভার একাংশ l ছবি: প্রথম আলো
বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাস-নাশকতার’ প্রতিবাদে গতকাল রংপুরের মিঠাপুকুর উপজেলার শাপলা চত্বরে ১৪ দলের জনসভার একাংশ l ছবি: প্রথম আলো

স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের মানুষকে পুড়িয়ে হত্যার দায়ে খালেদা জিয়ার বিচার করা হবে। ২০১৯ সালের এক দিন আগেও নির্বাচন হবে না। সংলাপ হতে পারে নির্বাচন কমিশনের সঙ্গে।
বিএনপি-জামায়াতের নাশকতার প্রতিবাদে গতকাল রোববার রংপুরের মিঠাপুকুরে ১৪ দলের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশ যখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে তখন খালেদা জিয়া আন্দোলনের নামে মানুষ হত্যা করে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছেন। মিঠাপুকুরসহ সারা দেশে তাঁরা মানুষ হত্যায় নেমেছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পেট্রল ও বোমা মেরে, বাসে আগুন দিয়ে মানুষ হত্যার দায়ভার খালেদা জিয়াকে নিতে হবে। স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে দেশের মানুষকে রুখে দাঁড়াতে হবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী মিঠাপুকুর হাসপাতালে একটি এক্স-রে মেশিন দেওয়ার ও হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন।
সমাবেশে মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, এইচ এন আশিকুর রহমান, নাজমুল হক প্রধান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য বীরেন সোম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ, বাসদের আহ্বায়ক রেজাউল রশীদ খান, ন্যাশনাল আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য দেন।
র‍্যাবের মহাপরিচালক বললেন: এদিকে গত শনিবার মিঠাপুকুর উচ্চবিদ্যালয় মাঠে র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ পরবর্তী নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন। এ সময় তিনি সরকারের ভূয়সী প্রশংসা করেন।
বেনজীর বলেন, ‘বর্তমান সরকারের আমলে দেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ২০০ ডলারে। আরও দু-তিন বছর এ সরকার দেশ চালাতে পারলে দেশের আরও উন্নতি হবে। আমরা কাউকে ছাড় দেব না। দেশে শান্তি ফিরিয়ে আনতে যা যা করা দরকার তাই করব।’
র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘অবরোধের এ কয়েক দিনে মিঠাপুকুরের পাঁচজনসহ সারা দেশে ২৪ জনকে মেরে ফেলা হয়েছে। দেশের উন্নয়নকে থেমে দেওয়ার জন্য ২০১৩ সালের মতো আবারো একটি গোষ্ঠী শান্তির বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছে। যারা এগুলো করছে তারা চায় না মানুষ দুমুঠো ভাত খেয়ে বাঁচুক। এই গণশক্রদের সমাজ থেকে নিশ্চিহ্ন করতে চাই।’
পুলিশ-বিজিবির টহল জোরদার: এদিকে রংপুরের মিঠাপুকুরে চলন্ত বাসে পেট্রলবোমা মেরে পাঁচজন মারা যাওয়ার ঘটনায় মিঠাপুকুরে বিজিবির অস্থায়ী ক্যাম্পসহ মহাসড়কে পুলিশ-বিজিবির টহল জোরদার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শিবির কর্মীর স্বীকারোক্তি: পেট্রলবোমা হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার প্রধান আসামি শিবির ক্যাডার শাহিন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে তাঁর স্বীকারোক্তি নিয়েছে। পুলিশের কাছে স্বীকারোক্তি অনুযায়ী তিনি পেট্রলবোমা হামলার ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশকে বলেছেন, মিঠাপুকুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির এনামুল হকের নির্দেশে এই হামলা চালানো হয়েছে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম তাঁর স্বীকারোক্তির বিষয়টি নিশ্চিত করেন।
আহতদের অবস্থার উন্নতি: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন পেট্রলবোমায় অগ্নিদগ্ধ আনোয়ার হোসেনের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। আর বাকি আহতরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
হরতাল পালন: রংপুরে গতকাল শনিবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। শহরের বড় বিপণিবিতানগুলো বন্ধ ছিল। শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হয়েছে। কোনো অপ্রীতকর ঘটনা ঘটেনি। আর হরতালের সমর্থনে পিকেটারদের রাজপথে দেখা যায়নি।