পূর্ণাঙ্গ কমিটি একক নিয়ন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের রাজনীতি আবর্তিত হচ্ছে সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে ঘিরে।
দলটির স্থানীয় নেতাদের দাবি, দীর্ঘ এক দশক পর জেলা আওয়ামী লীগের কমিটিতে নতুন নেতৃত্ব আসেন। এরপর অতীতের যেকোনো সময়ের তুলনায় এখানে সাংগঠনিকভাবে সবচেয়ে বেশি সক্রিয় দল। আর এতে একক নিয়ন্ত্রণ রয়েছে নতুন সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরীর।
গত ৩০ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ও ২১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরী। তাঁর সঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আল মামুন সরকার।
জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উবায়দুল মোকতাদির চৌধুরীর প্রচেষ্টায় এখানে দলের সব অভ্যন্তরীণ বিরোধ বা সমস্যা মিটে গেছে। তিনি জেলার রাজনীতিতে নিয়মিত সময় দেন। নেতা-কর্মীদের সংগঠিত করা, সবাইকে এক ছাতার নিচে আনাসহ প্রতিটি বিষয়ে তাঁর নজরদারি রয়েছে। এখানে তিনিই আওয়ামী লীগের রাজনীতির সর্বেসর্বা। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁর কথাই প্রাধান্য পায়।
অবশ্য উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘আমার কথাই প্রাধান্য পায়, সেটা ঠিক নয়। আমি দলের অন্য নেতাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়ে থাকি।’ তাঁর দাবি, তিনি সভাপতি হওয়ার পর এখানে দল সবচেয়ে বেশি সংগঠিত ও সক্রিয়।
দলীয় সূত্রগুলো জানায়, সর্বশেষ গত ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিটি উপজেলাসহ জেলা সদরে নানা আয়োজনের মধ্যে দিয়ে উদ্যাপন করা হয়েছে। ওই দিন শহরের পৌর কমিউনিটি সেন্টারে প্রায় চার হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। এর আগে ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস, ৭ মার্চসহ দলীয় বিভিন্ন উপলক্ষ ও কর্মসূচি জাঁকজমকভাবে পালিত হয়। এসব কর্মসূচিতে ব্যাপকসংখ্যক নেতা-কর্মীকে সম্পৃক্ত করা হয় বলে দাবি করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মনির হোসেন। তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচির বাইরেও স্থানীয়ভাবে অনেক অনুষ্ঠান করে থাকে জেলা আওয়ামী লীগ। এ ছাড়া প্রতি মাসে কমিটির নিয়মিত সভা হয়। তবে বিশেষ কর্মসূচি থাকলে মাসে একাধিক সভাও হয়।
এদিকে দলীয় একটি সূত্র জানায়, সাবেক জেলা সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সাংসদ প্রয়াত লুৎফুল হাই সাচ্চুর পরিবারের কাউকে নতুন কমিটিতে রাখা হয়নি। এমনকি তাঁর অনুসারী হিসেবে পরিচিত জেলা আওয়ামী লীগের সাবেক দুই সহসভাপতির মধ্যে আমানুল হককে উপদেষ্টামণ্ডলীর সদস্য করায় এবং শফিকুল আলমকে কোনো পদে না রাখায় দলের ভেতরে কিছু সমালোচনা রয়েছে। এ নিয়ে সমালোচনাকারী নেতাদের কেউ নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি।