পূর্ণাঙ্গ কমিটি নেই, ভয়ে নেতা-কর্মীরা বিপর্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় সাত মাস আগে কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। নির্বাচিতরা ‘ভোটের নেতৃত্ব’ হিসেবে পরিচিতি পান। এই নেতৃত্বের দ্রুততম সময়ের মধ্যে ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা ছিল। কিন্তু এত দিনেও সেই কমিটি গঠন হওয়া তো দূরের কথা; বরং নির্বাচিত তিন নেতা একত্রে বসে সিদ্ধান্তমূলক কোনো বৈঠকই করতে পারেননি।
এই পরিস্থিতির মধ্য দিয়ে অনেকটা ঢিমেতালে চলছে সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম। তা ছাড়া পুলিশি হয়রানি, গ্রেপ্তার আতঙ্ক ও মামলা-মোকদ্দমার আশঙ্কায় নেতা-কর্মীরাও গা-ছাড়া। এমনকি কেন্দ্রীয় কর্মসূচিও পালিত হয় দায়সারাভাবে। যেসব কর্মসূচি বা বৈঠক অনুষ্ঠিত হয়, তার অধিকাংশই হুটহাট। ছবি ও সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েই কোনোরকমে দায়িত্ব সারা।
মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে-পরে দলের অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া মামলা করেছে পুলিশ। এসব মামলা মোকাবিলা করতে গিয়ে অধিকাংশ সময় আদালতের বারান্দায় কাটাতে হয়। সাংগঠনিকভাবে দল একটু তৎপর হলেই পুলিশ হয়রানির মাত্রা বাড়িয়ে দেয়। পুলিশ তাঁদের প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে দেয় না। এতে করে দল চালাতে হিমশিম খেতে হচ্ছে।
মহানগর বিএনপির ওয়ার্ড পর্যায়ের কয়েকজন নেতা জানিয়েছেন, গত ৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে সিলেটে তৃণমূলের নেতাদের প্রত্যক্ষ ভোটে মহানগর বিএনপির সভাপতি হিসেবে নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক হিসেবে বদরুজ্জামান সেলিম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মিফতাহ সিদ্দিকী নির্বাচিত হন। তাঁরা নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক বক্তৃতায় দলের ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাদের নিয়ে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আশ্বাস দিয়েছিলেন।
পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়ায় সাংগঠনিক কার্যক্রমে অনেকটা স্থবিরতা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন ওয়ার্ড পর্যায়ের দুজন দায়িত্বশীল নেতা। তাঁরা বলেন, সাত মাসেও পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়ায় পদপ্রত্যাশী নেতা-কর্মীরা হতাশ। অনেকে নিষ্ক্রিয়ও হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে দল চলছে অগোছালোভাবে। ফলে কেন্দ্র থেকে কোনো কর্মসূচি ঘোষণা করা হলেও কর্মীদের উপস্থিতি খুব একটা চোখে পড়ে না। এর বাইরে গ্রেপ্তার আতঙ্ক আর হয়রানির ভয়ে বিএনপির কোনো সাংগঠনিক কর্মকাণ্ড নেই বললেই চলে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে-পরে বেশ কয়েকবার গ্রেপ্তার হন। সে সময় তাঁর বিরুদ্ধে দায়ের করা হয় সাতটি মামলা। মাস দেড়েক আগে তিনি যুক্তরাষ্ট্র সফরে গেছেন। দায়িত্বশীল একটি পদে থেকেও তাঁর এই দীর্ঘ অনুপস্থিতি নেতা-কর্মীদের হতাশ করেছে। এমনকি তিনি কবে ফিরবেন, সেটাও দলের নেতা-কর্মীরা জানেন না। তবে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগে তিনি প্রথম আলোকে জানিয়েছিলেন, সরকারি জুলুম-নির্যাতনের ভয়ে বিএনপির কর্মীরা প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে না পারলেও আড়ালে ঠিকই দলকে সংগঠিত করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মহানগরের চারটি ওয়ার্ডের প্রথম সারির অন্তত ছয়জন নেতা বলেছেন, পুলিশি হয়রানি আর গ্রেপ্তার আতঙ্কে দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা দলীয় কর্মকাণ্ডে জড়াচ্ছেন না। সারাক্ষণ বিএনপির নেতা-কর্মীদের ওপর গোয়েন্দা নজরদারি থাকায় কেউই চাপমুক্ত হয়ে রাজনীতি করতে পারছেন না। আপাতত বিএনপির কর্মীরা চুপসে থাকলেও সঠিক সময়ে ঠিকই ভূমিকা রাখবেন বলে তাঁরা প্রত্যাশা করছেন।
নতুন কমিটি ঘোষণা হলেই স্থবিরতা কেটে যাবে বলে মন্তব্য করেছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। তিনি বলেন, ‘বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিলে দলের গঠনতন্ত্রে সংশোধন আনা হয়েছিল। সংশোধিত গঠনতন্ত্রের কপি প্রতিটি সাংগঠনিক ইউনিটে পাঠানোর কথা ছিল। সেটি না আসায় আমরা পূর্ণাঙ্গ কমিটি এত দিনেও গঠন করতে পারিনি। তবে কেন্দ্রের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। গঠনতন্ত্রের সংশোধিত কপি আমাদের কাছে পৌঁছালেই পূর্ণাঙ্গ কমিটি গঠনে উদ্যোগ নেওয়া হবে।’