নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে গত বছরের ২ ডিসেম্বর। সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক, দুজন সহসভাপতি ও দুজন সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়েছে। তবে এর নয় মাস পর এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি।
দলীয় সূত্র বলেছে, কমিটি গঠন নিয়ে নেতাদের মধ্যে মতবিরোধ ও নেতা নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিতর্ক রয়েছে। পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় পদপ্রত্যাশী নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক বলেন, দলে কোনো বিভক্তি নেই। নতুন সাধারণ সম্পাদক ও নাটোর-৪ আসনের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) সাংসদ শফিকুল ইসলাম শিমুল সবাইকে সঙ্গে নিয়ে দলকে শক্তিশালী করতে কাজ শুরু করেছেন। পূর্ণাঙ্গ কমিটি করে তা অনুমোদনের জন্য কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। তাড়াতাড়ি কমিটি অনুমোদন হয়ে এলে দল চাঙা হয়ে উঠবে।
বিগত জেলা কমিটির সহসভাপতি সিরাজুল ইসলাম বলেন, সরকারের বড় বড় সাফল্য তুলে ধরতে সাধারণ মানুষের কাছে যেতে পারলে নাটোরে বিএনপি তাঁদের ধারেকাছে আসতে পারবে না। কিন্তু তাঁদের পদ নেই বলে যেতে পারছেন না। বক্তব্য দিলেও প্রভাব পড়ছে না। পূর্ণাঙ্গ কমিটি না হওয়া পর্যন্ত এ সমস্যা কাটবে না।
আগের কমিটির অপর সহসভাপতি ও নাটোর-১ আসনের সাংসদ আবুল কালাম আজাদ বলেন, ‘সম্মেলনে নেতা নির্বাচনের প্রক্রিয়ায় পকেট গণতন্ত্র কাজ করেছে। আগের দিনও আমরা জানতে পারিনি কারা কাউন্সিলর হয়েছেন। সেই ভোটে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁরা কীভাবে দলকে চাঙা করবেন?’
জেলা আওয়ামী লীগের অবস্থা জানতে দলের ও সহযোগী সংগঠনের বর্তমান এবং সাবেক ১৩ জন নেতার সঙ্গে কথা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সহযোগী সংগঠনের একজন শীর্ষ নেতা বলেন, দলে এখন সাংসদদের প্রভাবই বেশি।
সাংগঠনিক সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে জমা দেওয়ার কথা বললেও এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন আগের কমিটির চারজন নেতা ও কয়েকটি উপজেলার শীর্ষ নেতারা। লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী বলেন, সব উপজেলা, প্রথম শ্রেণির পৌরসভা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আগের কমিটির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে সাবজেক্ট কমিটি গঠন করে তাঁদের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা। কিন্তু এ ধরনের কোনো কমিটি গঠন বা কমিটির সভা অনুষ্ঠানের ব্যাপারে তিনি কিছু জানেন না।
তবে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস বলেন, ‘মোবাইলে নেতাদের মতামত নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি জমা দেওয়ার আগে জেলার সাংসদদের নিয়ে ঢাকায় আলোচনা করা হয়েছে। তাঁদের অনুমোদনের পরই প্রস্তাবিত কমিটি কেন্দ্রে জমা দেওয়া হয়েছে।’
অবশ্য নাটোর-১ আসনের সাংসদ আবুল কালাম আজাদ বলেন, তিনি ওই প্রস্তাবিত কমিটির অনুমোদন দেননি, কমিটি গঠনের খবরও জানেন না। কেউ তাঁর মতামত জানতে চাননি।
দলের প্রবীণ নেতা-কর্মীদের অভিযোগ, এখনকার নেতারা তাঁদের গুরুত্ব দেন না, দলের ভালো-মন্দ নিয়ে পরামর্শ করেন না। তবে সাংগঠনিক সম্পাদক বলেন, প্রবীণ নেতাদের কেউ কেউ রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। তাই তাঁদের উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।
দলের তিনজন সাবেক নেতা বলেন, এবার জেলা আওয়ামী লীগের ব্যানারে কোনো কর্মসূচি পালিত হয়নি। আওয়ামী লীগের নেতা মমতাজ উদ্দিন ও হানিফ আলী শেখের মৃত্যুবার্ষিকীও পালন করা হয়নি। দলের মধ্যে জবাবদিহি থাকলে এসব কর্মসূচি বাদ পড়ত না।
জেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় না থাকা নিয়েও তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাঁরা বলেন, কোনো নেতাকেই দলের নিজস্ব কার্যালয় করার উদ্যোগ নিতে দেখা যায়নি। যিনি যখন শীর্ষ পদে এসেছেন তিনি নিজ বাড়ি কিংবা নিজ এলাকায় অস্থায়ী কার্যালয় ভাড়া নিয়ে দল চালিয়েছেন।
সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ বলেন, সাবেক সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক থাকাকালে উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এখনো কার্যালয় হয়নি।