পূর্ণাঙ্গ কমিটির দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলা ছাত্রলীগের আংশিক কমিটি করা হয় ২০১২ সালের ১০ জানুয়ারি। কাউন্সিল ছাড়াই কেন্দ্রঘোষিত ওই কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৬ সদস্যের নাম উল্লেখ করা হয়। এরপর গত পাঁচ বছরে কয়েকবার পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে পাঠানো হলেও তা অনুমোদিত হয়নি।

তাই অবিলম্বে খুলনা জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করার দাবি জানিয়েছেন পদবঞ্চিত জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল রোববার দুপুর ১২টার দিকে নগরের পিকচার প্যালেস মোড়ে ওই দাবিতে মানববন্ধন করেন তাঁরা।

মানববন্ধনে জেলা ছাত্রলীগের পদবঞ্চিত নেতা-কর্মীরা বলেন, ‘আমরা দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি না থাকার পরও জেলা ছাত্রলীগের হয়ে কাজ করে আসছি। কিন্তু এত দিনেও আমরা কোনো স্বীকৃতি পাইনি। তাই আমাদের প্রাণের দাবি, অবিলম্বে খুলনা জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আমাদের সেখানে অন্তর্ভুক্ত করা হোক।’

নেতা-কর্মীরা আরও বলেন, ‘আমরা রাজনৈতিক বৈষম্যের স্বীকার। খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এ পর্যন্ত সাতবার পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা কেন্দ্রে পাঠালেও অজানা কারণে তা অনুমোদিত হয়নি। আমরা দীর্ঘ পাঁচ-সাত বছর কেন্দ্রঘোষিত দলীয় এবং জাতীয় সব কর্মসূচিতে অংশগ্রহণ করেও ছাত্রলীগের পরিচয় দিতে পারি না।’

প্রায় এক ঘণ্টা চলা মানববন্ধনে জেলা ছাত্রলীগ নেতা অঞ্জন কুমার মণ্ডলের সভাপতিত্বে ও মো. আবু সাঈদ খানের পরিচালনায় বক্তব্য দেন কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক অরিন্দম গোলদার, দাকোপ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রতন কুমার মণ্ডল প্রমুখ।

জানা গেছে, ২০১২ সালে করা জেলা ছাত্রলীগের ওই কমিটিতে মো. আরাফাত হোসেনকে সভাপতি ও মুসফিকুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়। এ ছাড়া একজন কেন্দ্রীয় সদস্যসহ মোট ১৬ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।

দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি না হওয়ার ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান বলেন, বিভিন্ন আন্দোলন-সংগ্রামের সঙ্গে কাজ করছেন জেলা ছাত্রলীগের অনেক নেতা-কর্মী। কিন্তু দীর্ঘদিন কাজ করলেও তাঁদের কোনো পদ-পদবি নেই। এ অবস্থায় যদি নতুন কমিটি করা হয়, তাহলে ওই কর্মীরা আর মূল্যায়ন পাবেন না। তাই গত পাঁচ বছরে সাতবার কেন্দ্রের কাছে পূর্ণাঙ্গ কমিটির তালিকা পাঠানো হয়েছে। কিন্তু কোনো এক অজানা কারণে কেন্দ্র থেকে কমিটির অনুমোদন দিচ্ছে না।

তিনি আরও বলেন, পূর্ণাঙ্গ কমিটি না হলে কাউন্সিলর নির্ধারণ করা যাবে না। এ কারণে সম্মেলনও করা যাবে না।

তবে নাম প্রকাশ না করার শর্তে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদীর মধ্যে দ্বন্দ্বের কারণে জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে না। কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে ওই দুজনও ছাত্রলীগের পৃথক পূর্ণাঙ্গ কমিটির তালিকা পাঠিয়েছেন।