পূর্বধলায় ছাত্রলীগের মিছিলে দুর্বৃত্তদের ধাওয়া, উত্তেজনা
নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি মিছিল বের করলে তাতে কিছু দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ প্রহরায় ফের মিছিল বের হয়। দলীয় কোন্দলের জের ধরে এসব ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এলাকার বাসিন্দা, পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের রাজনীতি দুই ধারায় বিভক্ত। একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেন। অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। তাঁর সঙ্গে আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মন্ডল। আর সাংসদ ওয়ারেসাত হোসেনের সঙ্গে আছেন উপজেলা যুবলীগের সভাপতি ও পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম। পক্ষ দুটি দলীয়, জাতীয়সহ বিভিন্ন অনুষ্ঠানে আলাদা কর্মসূচি পালন করে আসছে।
২২ জুলাই আহমদ হোসেনের সমর্থক ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডলের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল পূর্বধলা ডিগ্রি কলেজে এক অনুষ্ঠানে যেতে চাইলে সাংসদের সমর্থকেরা বাধা দেন। এ নিয়ে ইত্তেফাক পত্রিকার স্থানীয় প্রতিনিধি শফিকুল আলম সংবাদ প্রকাশ করেন। ওই দিন রাত ১০টার দিকে শফিকুলকে তাঁর বাসায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ১০-১৫ জন প্রাণনাশের হুমকি দেন বলে শফিকুল পরদিন থানায় লিখিত অভিযোগ করেন। এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ ও দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়। কয়েক দিন পর শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান কলেজ কেন্দ্রে ডিগ্রি চূড়ান্ত বর্ষের পরীক্ষায় নজরুল ইসলাম মন্ডলকে অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা হয়। এ ঘটনায় নজরুল স্থানীয় সাংসদকে দোষারোপ করেন। এতে করে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে চাপা উত্তেজনা বিরাজ করছিল।
গতকাল সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে উপজেলা সদরের জামতলা বাজার ছাত্রলীগের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়। এ সময় মিছিলে থাকা লোকজন সাংসদকে নিয়ে বিভিন্ন ধরনের উসকানিমূলক স্লোগান দেন। মিছিলটি স্টেশন রোড এলাকায় গেলে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে ওই মিছিলে ধাওয়া করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। কিছুক্ষণ পর সংগঠিত হয়ে ফের পুলিশ প্রহরায় মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। এ নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। কিন্তু সাংসদের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেন।’
তবে সাংসদের সমর্থক যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমাদের লোকজন কারও ওপর কোনো হামলা করেননি। বরং তারাই অস্ত্র নিয়ে মানুষকে ভয় দেখিয়ে মহড়া দিয়েছে। এ নিয়ে আমাদের কাছে ছবিও আছে। প্রয়োজনে আপনাকে দেখাতে পারব।’
এ বিষয়ে কথা বলার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আহমদ হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। সাংসদ ওয়ারেসাত হোসেনের মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।