৫ জানুয়ারির নির্বাচন গোটা পৃথিবীর কারও কাছে গ্রহণযোগ্য হয়নি। তাহলে কি পৃথিবীর সবাই অর্বাচীন?
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উদ্দেশে এ প্রশ্ন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
‘৫ জানুয়ারির নির্বাচন নিয়ে যারা কথা বলে তারা অর্বাচীন’—রোববার সংসদে প্রধানমন্ত্রী এমন বক্তব্য দিয়েছেন দাবি করে গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় মির্জা ফখরুল এ প্রশ্ন করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আমি জানি না, অর্বাচীন শব্দের অর্থ ভিন্ন ভিন্ন হয় কি না। ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এখনো বলছে ৫ জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। তাহলে কি এরা সবাই অর্বাচীন? বাংলাদেশের সব রাজনৈতিক দল, দেশের শতকরা ৯০ ভাগ মানুষ অর্বাচীন?’
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল এ আলোচনা সভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এই দিনটিকে পছন্দ করে না। কারণ ৭ নভেম্বর হচ্ছে তাদের মরণঘণ্টা।
মানুষকে বোকা বানানো সোজা নয়: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, এভাবে মানুষকে বোকা বানানো এত সোজা নয়। ৫ জানুয়ারির নির্বাচনের সময় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে এইচ টি ইমামের বক্তব্যে থলের বিড়াল বেরিয়ে গেছে। এখন সংবাদ সম্মেলন করে তিনি বলছেন, পত্রপত্রিকা তাঁর বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে।
এদিকে সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যশোরে বিএনপির ৪২ জন নেতা-কর্মীর জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদ করেন। তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীদের দমন, নিপীড়ন ও নির্যাতন সরকারের বিকৃত মানসিকতার অংশ।