পেট্রলবোমা হামলার নিন্দা জামায়াতের
কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ করে মানুষ হত্যার জন্য সরকারকে দায়ী করে এসব ঘটনায় নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে দলটি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ দাবি জানান।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক জামায়াত। এই জোটের ডাকা হরতাল-অবরোধের মধ্যে আজ ভোররাতে কুমিল্লায় বাসে পেট্রলবোমা হামলায় সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়। আহত ও দগ্ধ হন আরও ২৮ জন।
তবে জামায়াতের দাবি, রাজনৈতিক আন্দোলনকে সন্ত্রাসী, জঙ্গিবাদ হিসেবে আখ্যায়িত করার জন্যই সরকারের মদদে দেশের বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটছে।
কুমিল্লা, বরিশালের গৌরনদী ও রংপুরের মিঠাপুকুরে পেট্রলবোমায় মৃত্যুর ঘটনায় নিন্দা জানায় জামায়াত। দলটির অভিযোগ, সরকার দুষ্কৃতকারীদের চিহ্নিত করার পরিবর্তে রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপ ও ঘায়েল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। চলমান গণতান্ত্রিক আন্দোলনকে সন্ত্রাসী ও নাশকতা সৃষ্টির আন্দোলন বলে আখ্যায়িত করে অত্যন্ত পরিকল্পিতভাবে এসব হিংসাত্মক কর্মকাণ্ড সংঘটিত করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ‘পুলিশ, র্যাব, বিজিবির কড়া প্রহরার মধ্যে কী করে এ ধরনের ঘটনা সংঘটিত হয়, তা এক বিরাট রহস্য। এর জবাব সরকারকে অবশ্যই দিতে হবে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না।’
বিবৃতিতে দাবি করা হয়, জনগণ তাদের ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার ও জানমালের নিরাপত্তার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হয়েছে। কোনো ধরনের শক্তি বা বল প্রয়োগ করে তাদের নিবৃত্ত করা যাবে না। দেশের জনগণের দুর্দশা, ÿক্ষয়ক্ষতি না বাড়িয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানায় জামায়াত।