পেট্রলবোমায় জড়িতদের গ্রেপ্তারে সরকার ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা বলেছেন, মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারের হলেও পেট্রলবোমা হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে সরকার ব্যর্থ হয়েছে। গোয়েন্দা তৎপরতা সম্পূর্ণ অকেজো প্রমাণিত হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও মানুষের নিরাপত্তা দেওয়ার কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে মোর্চার নেতারা এসব কথা বলেন। আগুনে পুড়িয়ে মানুষ হত্যা-সহিংসতা বন্ধ, জানমালের নিরাপত্তা ও রাজনৈতিক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার দাবিতে এ সমাবেশ করা হয়।
বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে সাফল্য দেখাতে না পারলেও নিজেদের দায়িত্ব এড়াতে রাজনৈতিক বক্তব্য দেওয়া ও বাগাড়ম্বরের আশ্রয় নিয়েছে। শুধু তা-ই নয়, যেভাবে তাঁরা গুলি করে মেরে ফেলার হুমকি দিচ্ছেন তা কোনো সভ্য দেশের রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁরা বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা ও দমন-পীড়নের মাধ্যমে গণতান্ত্রিকভাবে প্রতিবাদের পথ বন্ধ করার সরকারি তৎপরতার নিন্দা জানান। গণতান্ত্রিক বাম মোর্চার নেতা আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ। বিজ্ঞপ্তি।