পেশাজীবীদের সম্মানে খালেদা জিয়ার ইফতার
বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল সোমবার তাঁদের সম্মানে ইফতারের আয়োজন করেন তিনি। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির একটি মিলনায়তনে এ ইফতারের আয়োজন করা হয়।
ইফতারে জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, ডা. এম এ মাজেদ, সাবেক বিচারপতি আবদুর রউফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোস্তাহিদুর রহমান, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, ব্যবসায়ী নেতা মোস্তফা গোলাম কুদ্দুস, এস এম ফজলুল হক, এয়ার ভাইস মার্শাল (অব.) ফখরুল আজম, রিয়ার অ্যাডমিরাল (অব.) শাহ ইকবাল মুজতবা, মেজর জেনারেল (অব.) ইমামুজ্জামান, পুলিশের সাবেক মহাপরিদর্শক আজিজুল হক, ওয়াই বি আই সিদ্দিকী, চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক মাহবুব উল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক মাহবুবউদ্দিন খোকন, নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দীন, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, সাংবাদিক মাহফুজ উল্লাহ, শওকত মাহমুদ, যুগান্তর-এর ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, দিনকাল সম্পাদক রেজোয়ান সিদ্দিকী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী প্রমুখ অংশ নেন। এ ছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খালেদা জিয়া বিভিন্ন টেবিল ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।