পোস্টারে ছেয়ে গেছে শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছরের কমিটিতে ১০ বছর পার করার পর কাল শনিবার বেড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনকে ঘিরে পোস্টার, ব্যানার ও বিলবোর্ডে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন এলাকা।
দলের বেশ কয়েকজন নেতা-কর্মী জানান, ২০০৪ সালের ২৫ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের এবং ২০০৩ সালের ১৩ নভেম্বর পৌর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ভরে উঠেছে উভয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের পোস্টার, ব্যানার ও বিলবোর্ডে। কোনো কোনো প্রার্থী কাউন্সিলরদের মনোযোগ আকর্ষণ করতে পৌর এলাকায় তোরণও নির্মাণ করেছেন। প্রার্থীরা দিনরাত কাউন্সিলরদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।
সকাল ১০টায় বেড়া হাইস্কুল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে। উভয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মতামতের ভিত্তিতে, না কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন, তা সম্মেলনেই নির্ধারিত হবে।
উপজেলা কমিটির সভাপতি পদে বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল সাহা ও সাধারণ সম্পাদক আবদুল কাদেরের নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে এখন পর্যন্ত শুধু জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আ হ ম ফজলুর রহমানের নাম শোনা যাচ্ছে। অন্যদিকে পৌর কমিটির সভাপতি পদে পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু সাঈদ, সদস্য আবদুল হাকিম ও মোজাম্মেল হকের নাম শোনা যাচ্ছে। আর সাধারণ সম্পাদক পদে পৌর কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক হামিদুল হক ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলীর নাম শোনা যাচ্ছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির, বিশেষ অতিথি হিসেবে সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ ও প্রধান বক্তা হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হকের উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া ভূমিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফের সম্মেলন উদ্বোধন করার কথা রয়েছে।