পৌনে পাঁচ বছর পর রংপুর জেলা ছাত্রলীগের সম্মেলন আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
তবে রংপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাফিউর রহমান ‘মাদকাসক্ত নয় এমন ছাত্র ও ছাত্রত্ব আছে এমন নেতা-কর্মীদের’ সমন্বয়ে জেলা কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৮ মার্চ ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়। এই সম্মেলনে তাপস ঘোষকে সভাপতি ও ফখরুল হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এই দুই সদস্যের কমিটিই দুই বছর ধরে জেলা ছাত্রলীগের কার্যক্রম পরিচালনা করে। ২০১২ সালের ২৫ মে ১২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী জানান, সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কেউ কেউ কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। আবার অনেকেই পোস্টার ছাপিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। তবে এবার ছাত্রলীগের নতুন কমিটিতে অধ্যয়নরতদের প্রাধান্য দেওয়া হবে। যাঁদের ছাত্রত্ব নেই তাঁদের নতুন কমিটিতে না রাখার মতামত ব্যক্ত করছেন অনেক নেতা-কর্মী। সেই সঙ্গে মাদকাসক্ত নয় এমন শিক্ষার্থীরাই কমিটির নেতৃত্বে আসবেন বলে অনেকে আশা করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্রনেতা জানান, ‘সিলেকশন নয়, কাউন্সিলরদের ভোটের ভিত্তিতে কমিটি চাই।’
পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুন্নবী বলেন, ‘আমরা চাই প্রকৃত শিক্ষার্থীর সমন্বয়ে নতুন কমিটি গঠন হোক।’ তারাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান জানান, ‘রংপুরের ছাত্রলীগ যেন সুনামের সঙ্গে আগামী দিনে ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে কাজ করতে পারে এমন একটি কমিটি আশা করি।’
জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক ফখরুল হাসান বলেন, ‘নেতা-কর্মীদের আলোচনা ও মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হবে বলে আমি বিশ্বাস করি। কাউন্সিলররা যাঁকে নির্বাচিত করতে চাইবেন তাঁদের প্রতি সবার আস্থা থাকবে বলেও আমি বিশ্বাস করি।’