পৌর নির্বাচন সরকারের জন্য শেষ পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করে বিএনপির নেতারা বলেছেন, চট্টগ্রাম ও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে যেমন মানুষ ভোট দিতে পারেননি, পৌর নির্বাচনেও তা হবে। এ নির্বাচন সরকারের জন্য ‘শেষ পরীক্ষা’ বলে মন্তব্য করেছেন নেতারা।
গতকাল শনিবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে পৃথক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ আশঙ্কা প্রকাশ করে এই মন্তব্য করেন।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় মাহবুবুর রহমান বলেন, পৌর নির্বাচন বিরোধী দলের ওপর অপ্রত্যাশিতভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। এর দরকার ছিল না। এ নির্বাচনে দেশের চলমান সমস্যার সমাধান হবে না। কারণ, গোটা জাতি চায় নিরপেক্ষ সরকারের অধীন সংসদ নির্বাচন।
মাহবুবুর রহমান বলেন, পৌর নির্বাচনে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সবাই বলে নির্বাচন কমিশন সরকারের ক্যাডার বাহিনী এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ কল্যাণ পার্টির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনেও একই ধরনের কৌশল ও ষড়যন্ত্র করছে সরকার। তিনি বলেন, নির্বাচন নিয়ে এখন ট্রায়াল চলছে। সামনের দিনে আসল চিত্র দেখা যাবে। শিগগিরই একটি প্রহসনের নির্বাচন মঞ্চস্থ হতে চলেছে। প্রশাসনের সহায়তায় নির্বাচন কমিশন তা বাস্তবায়ন করবে।
কল্যাণ পার্টির সম্মেলনে সংহতি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। বক্তব্য দেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। পার্টির সম্মেলনে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম আবারও চেয়ারম্যান ও আমিনুর রহমান মহাসচিব নির্বাচিত হয়েছেন।