পৌর নির্বাচনে কারচুপির তথ্য-চিত্র কূটনীতিকদের দেখাল বিএনপি
দেশে গণতন্ত্রের পরিস্থিতি এবং সদ্যসমাপ্ত পৌরসভা নির্বাচনে ‘অনিয়ম ও কারচুপির’ তথ্য-চিত্র বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরেছে বিএনপি।
গতকাল বুধবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে এ চিত্র তুলে ধরা হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, তুরস্ক, সুইডেন, জাপানসহ ২৪টি দেশের কূটনীতিক ও ইউএনডিপির প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমদ চৌধুরী ও সাবিহ উদ্দিন আহমেদ, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন ও সাংবাদিক শফিক রেহমান উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকের শুরুতে মির্জা ফখরুল একটি লিখিত বক্তব্য কূটনীতিকদের দেন। পরে বিএনপির নেতারা কূটনীতিকদের বলেন, স্থানীয় সরকারের এ নির্বাচনে আবারও প্রমাণিত হলো আওয়ামী লীগ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনও সুষ্ঠু হবে না।
সূত্র জানায়, পৌরসভা নির্বাচনে বিভিন্ন ধরনের অনিয়ম ও কারচুপি-সংক্রান্ত ৭২ মিনিটের একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছে বিএনপি। এর উল্লেখযোগ্য কিছু অংশ কূটনীতিকদের দেখানো হয়। বিএনপির নেতারা বলেছেন, ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের মতো পৌর নির্বাচনেও কারচুপির মহোৎসব হয়েছে। এর আগে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে একই রকম কারচুপি হয়েছে।
বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রথম আলোকে বলেন, দেশে গণতন্ত্রের পরিস্থিতি সম্পর্কে কূটনীতিকদের অবহিত করা হয়েছে। পাশাপাশি পৌরসভা নির্বাচনে কারচুপির কিছু তথ্য-চিত্র তুলে ধরা হয়েছে। কূটনীতিকেরা কী বলেছেন, জানতে চাইলে তিনি বলেন, তাঁরা কোনো মন্তব্য করেননি। তবে প্রামাণ্যচিত্র দেখে অনেকে ঘটনার স্থান সম্পর্কে জানতে চেয়েছেন।