আ.লীগের একাংশের হরতাল চালিয়ে যাওয়ার ঘোষণা
পৌর নির্বাচনে প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামত উপেক্ষা
তৃণমূলের মতামত উপেক্ষা করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের প্রতিবাদে গতকাল বুধবার পৌর এলাকায় দলটির একাংশ সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে। এ কর্মসূচি অনির্দিষ্টকাল চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেনের সমর্থকেরা এ কর্মসূচির ডাক দিয়েছেন।
গতকাল সকাল ছয়টা থেকে হরতাল শুরু হয়। এ কারণে পৌর এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ ছিল। পৌর এলাকার বিভিন্ন জায়গায় হরতাল পালনকারীরা টায়ার পোড়ান। সকালে কয়েকটি মিছিল বের করা হয়। এ সময় পাকুন্দিয়া বাজারের দোকানপাট বন্ধ থাকে। কোনো দূরপাল্লার বাস, ট্রাক চলেনি। কিছুক্ষণ পরপর খণ্ড খণ্ড মিছিল করে উপজেলা পরিষদের ফটকের সামনে পথসভা করেন হরতাল পালনকারীরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পাকুন্দিয়া পৌরসভায় ভোট ৩১ অক্টোবর। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ঠিক করতে কিশোরগঞ্জ প্রেসক্লাবে রোববার তৃণমূলের ভোট হয়। মোতায়েম হোসেন ৩৫ ভোট পেয়ে বিজয়ী হন। কিন্তু কেন্দ্রীয় কমিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মেজবাহ উদ্দিনকে মনোনয়ন দেয়। এ নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে এ মনোনয়ন বাতিলের দাবিতে পৌরসভার সামনে বিক্ষোভ সমাবেশ শেষে মোতায়েম হোসেন হরতালের ডাক দেন। এ বিষয়ে মোতায়েম হোসেন বলেন, ‘তৃণমূলের ভোটে আমি জয়ী হয়েছি। আমিই নির্বাচনের যোগ্যতা রাখি। কিন্তু তৃণমূলের মত উপেক্ষা করে আমার পরিবর্তে অন্য প্রার্থীকে কেন্দ্রীয় কমিটি থেকে মনোনয়ন দেওয়ায় আমার সমর্থকেরা তা মেনে নিতে পারছেন না। এর প্রতিবাদে তাঁরা হরতাল পালন করেছেন।’
মোতায়েমের সমর্থকেরা গতকাল সন্ধ্যা সাতটার দিকে ঘোষণা দেন মোতায়েমকে দলীয় মনোনয়ন না দেওয়া পর্যন্ত হরতাল চলবে।
কেন্দ্রীয় কমিটির মনোনীত প্রার্থী মেজবাহ উদ্দিন বলেন, ‘তৃণমূলের ভোটে নির্বাচন আমি বর্জন করেছিলাম। যোগ্যতা বিচার করে কেন্দ্রীয় কমিটি আমাকে মনোনয়ন দিয়েছে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান বলেন, ‘আমাদের পক্ষ থেকে তৃণমূলের ভোটে জয়ী মোতায়েমের নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল। প্রার্থী পরিবর্তনের ক্ষমতা কেন্দ্র রাখে। এ ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রে আমাদের পর্যবেক্ষণ পাঠাচ্ছি। সমস্যা সমাধানের চেষ্টা করছি।’
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, হরতাল চললেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।