মদদদাতাদের সম্পর্কে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আওয়ামী লীগের
পৌর নির্বাচনে বিদ্রোহীদের কারণ দর্শাতে ১৫ দিন সময়
সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়া নেতাদের নামে কারণ দর্শানোর চিঠি পাঠাতে শুরু করেছে আওয়ামী লীগ। তাঁদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, সেই জবাব আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর সময় বেঁধে দেওয়া হয়েছে।
এ ছাড়া আওয়ামী লীগের যেসব নেতা বিদ্রোহী প্রার্থীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ, ইন্ধন ও সহযোগিতা করেছেন, তাঁদের সম্পর্কে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল রোববার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর নেতাদের এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থী মনোনয়ন বোর্ডের সদস্য ওবায়দুল কাদের। বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক; সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহউদ্দিন সিরাজ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ; দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস।
আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনও হবে দলীয়ভাবে। পৌর নির্বাচনের বিদ্রোহী ও মদদদাতাদের বিষয়ে কঠোর ব্যবস্থা না নিতে পারলে ইউপি নির্বাচনে বিদ্রোহী সামাল দেওয়া যাবে না। এ জন্য দলের শীর্ষ পর্যায় থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠক সূত্র জানায়, বিদ্রোহী হয়ে বিজয়ী ও পরাজিত সবাইকেই কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। গতকাল ৪০ জনের নামে চিঠি পাঠানো শুরু হয়েছে। আরও কিছু নাম যোগ হতে পারে। পরবর্তী ধাপে বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করা মন্ত্রী, সাংসদ ও নেতাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এরপর স্থায়ী বহিষ্কার করবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদ।
১০ জানুয়ারি আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়া নেতাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। সাংসদসহ যেসব নেতা পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধেও তদন্ত করার সিদ্ধান্ত হয়েছিল ওই বৈঠকে। আর গতকালের বৈঠকের পর বিদ্রোহীদের কারণ দর্শানোর চিঠি পাঠানো শুরু হয় এবং সাংগঠনিক সম্পাদকদের তদন্ত করার জন্য সময় বেঁধে দেওয়া হয়।
৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনের আগেই আওয়ামী লীগ সব বিদ্রোহী প্রার্থীকে এক ঘোষণায় সাময়িক বহিষ্কার করে। দলের গঠনতন্ত্রে চূড়ান্ত বহিষ্কারের আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার কথা উল্লেখ রয়েছে। এ জন্যই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বৈঠকে ছিলেন আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর বিভাগে ৩০ জন বিদ্রোহী প্রার্থী ছিলেন। এর মধ্যে ছয়জন জয়ীও হয়েছেন। তবে দল তাঁদের সবাইকে সাময়িক বহিষ্কার করেছে এবং স্থায়ী বহিষ্কারের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। সিলেট বিভাগের দায়িত্বে থাকা আরেক সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ বলেন, তাঁর বিভাগে বিদ্রোহী প্রার্থী ছিলেন ১০ জন। এর মধ্যে তিনজন জয়ী হয়েছেন। সবাইকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।