পৌরসভা নির্বাচনে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রত্যাখ্যাত ও প্রতারিত হয়েছে। নির্বাচন কমিশন এ নির্বাচনে সরকারের ইচ্ছাকেই বাস্তবায়ন করেছে। নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের হতাশা তৈরি হচ্ছে। দেশের বাম ঘরানার রাজনৈতিক দলগুলো পৌরসভা নির্বাচন নিয়ে গতকাল বৃহস্পতিবার আলাদা বিবৃতিতে এসব কথা বলেছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ জাফর এক বিবৃতিতে বলেন, পৌরসভা নির্বাচনকে কোনোভাবেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বলে আখ্যায়িত করা যায় না। ভোটের ফলাফলে জনমতের প্রকৃত প্রতিফলন ঘটেনি। নির্বাচনকে প্রহসনের ধারা থেকে মুক্ত করা যায়নি।
বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, এই নির্বাচন জনগণকে আরেকবার হতাশ করল। এ নির্বাচন বিগত সংসদ ও সিটি করপোরেশন নির্বাচনের ধারাবাহিকতা বজায় রেখেছে। ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া এক বিবৃতিতে বলেন, পৌর নির্বাচনে জাতি এক আজব নির্বাচন প্রত্যক্ষ করল।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে জনগণ ও রাজনৈতিক প্রতিপক্ষকে আস্থায় নিয়ে পৌরসভা নির্বাচনকে কাজে লাগানোর যে সুযোগ ছিল, সরকার ও নির্বাচন কমিশন তা নষ্ট করেছে। এই অভিজ্ঞতা কারও জন্যই ভালো হলো না।