পোড়া গাড়ি দিয়ে খালেদার কার্যালয় ঘেরাওয়ের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, হরতাল অবরোধ তুলে না নেওয়া হলে খালেদা জিয়ার গুলশান কার্যালয় পোড়া গাড়ি দিয়ে ঘেরাও করে রাখা হবে। শুধু তা-ই নয়, ওই কার্যালয়ের পানি ও বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন করা হবে। তাঁর বাড়িতে খাবারও ঢুকতে দেওয়া হবে না, অবস্থা এমন হবে যে খালেদা জিয়া না খেয়ে মারা পড়বেন।

আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত সমাবেশে শাজাহান খান এসব কথা বলেন। শাজাহান খান এই সংগঠনের আহ্বায়ক। হরতাল অবরোধের নামে পেট্রলবোমা মেরে পরিবহন শ্রমিক, সাধারণ মানুষকে অগ্নিদগ্ধ, হত্যা, গাড়ি পোড়ানো এবং নাশকতা বন্ধের দাবিতে সমাবেশটির আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে শাজাহান খান বলেন, আগামী ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু। পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতাল তুলে নেন। আর মানুষ মারবেন না।

সমাবেশ থেকে আগামীকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের পোড়া গাড়ির প্রতীকী বিক্ষোভ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করা হয়। এ ছাড়া আগামী ৫ ফেব্রুয়ারি সমন্বয় পরিষদের জাতীয় কনভেনশন থেকে পরবর্তী ঘোষণার কথা বলা হয়।
শাহজাহান খান বলেন, ওই দিন এমন কর্মসূচি ঘোষণা করা হবে যে, বিএনপির নেত্রী হরতাল অবরোধ প্রত্যাহারে বাধ্য হবেন।