পোস্টার-বিলবোর্ড দেখলে মনে হয় ঢাকা নেতা তৈরির কারখানা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অনেক নেতা ক্ষমতা ও চাঁদাবাজি করার জন্য সংগঠনের নামে ‘রাজনীতির দোকান’ খুলে বসেছেন। চারদিকের পোস্টার-বিলবোর্ড দেখলে মনে হয় ঢাকা শহর নেতা তৈরির কারখানা।
আজ শনিবার বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) নামের এক সংগঠনের আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আতি নেতা, পাতি নেতা, সিকি নেতা, আধুলি নেতা ও হাইব্রিড নেতারা দলকে বেশি দুর্বল করছে। তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। শুধু জিনিসপত্রের মধ্যে না, আমাদের দলের মধ্যেও ভেজাল ঢুকে গেছে। চারিদিকে পোস্টার ও বিলবোর্ড দেখলে মনে হয়, ঢাকা শহর নেতা তৈরির কারখানা।’
মহাসড়কের নাজুক অবস্থার জন্য বৃষ্টিকে দায়ী করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী । তিনি বলেন, ‘অতিবর্ষণ অতি ক্ষতি করেছে। রাস্তাগুলো সচল করতে হিমশিম খাচ্ছি। দিবারাত্রি কাজ করেও বৃষ্টির সঙ্গে পেরে ওঠা কঠিন হয়ে পড়েছে। আসলে রাস্তা ভালো নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘এমনিতেই রাস্তাগুলোর অবকাঠামো ভালো নয়। অধিকাংশ জায়গা খারাপ এটা বলার অবকাশ নেই। এখন এসেছি নারায়ণগঞ্জের পাগলা থেকে। এই আলোচনা সভা শেষে যাব সাভারে। আসলে আমরা যারা মন্ত্রী ও দলীয় পদে আছি তাদের দায়িত্ব অনেক।’
কাদের বলেন, ‘ক্ষমতা আমাদের প্রলুব্ধ ও প্রভাবিত করে। ক্ষমতায় এসে আমরা আদর্শ, মূল্যবোধ, ইতিহাস, ঐহিত্য ভুলে যাই। ক্ষমতায় এলে অনেকের কর্মকাণ্ড দল ও সরকারকে দুর্বল করে। এরপরই আন্তর্জাতিক উগ্রবাদ ভর করে। আমাদের ভাবতে হবে, দল কেন সরকারে হারিয়ে যায়। যদি এই সময় একটা আঘাত আসে তাহলে কোথায় যাব আমরা কী ভেবে দেখি? দলের কিছু কিছু লোকের অপকর্ম সরকার, দল, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অর্জনকে ম্লান করছে। এদের চিহ্নিত করা দরকার।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘তাঁর হাঁকডাক অনিশ্চয়তার আবর্তে ঘুরপাক খাচ্ছে। তারা রাজনীতির চেয়ে বেশি ঝুঁকে পড়েছে কূটনীতির ওপর। তারা এখন চেয়ে আছে জাতিসংঘ মহাসচিব, বারাক ওবামা ও ইউরোপীয় ইউনিয়ন কী বলে সেটার দিকে। তারা কোনো আন্দোলনেই জনগণকে শামিল করতে পারেনি। তাদের আন্দোলনের মরা গাঙে পানি আসবে না।’
কাদের বলেন, ‘আমরা ক্ষমতায় চিরদিন থাকব, এটা ভাবা উচিত না। কারণ, এ দেশ ষড়যন্ত্রের চারণভূমি। নিয়মতান্ত্রিকভাবে না পারলে তারা অস্বাভাবিকভাবে ক্ষমতা লাভ করতে চায়।’
আসাফোর সভাপতি শেখ উজ্জলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী প্রমুখ।