পৌনে ১১ বছর পর আজ ঈশ্বরদী পৌর আ.লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌনে ১১ বছর পর আজ শনিবার পাবনার ঈশ্বরদীতে পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হবে বলে নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য নেই।
আওয়ামী লীগের নেতা-কর্মী সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টায় শহরের ঈমান কমিউনিটি সেন্টারে সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ প্রধান অতিথি ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
দলীয় সূত্র আরও জানায়, ২০০৪ সালের ২২ জানুয়ারি পৌর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। আজ সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করা হবে। কিন্তু ভোটে নয়, নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। তাই দলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে না।
সম্মেলন প্রস্তুতি কমিটির সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা জানান, কর্মীদের সঙ্গে আলোচনা করেই নেতারা নতুন কমিটি করবেন। সবাইকে খুশি করেই কমিটি করা হবে।