পৌর আ.লীগের কমিটি নেই তিন বছর, কার্যক্রম ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি পৌর আওয়ামী লীগের কমিটি নেই তিন বছর। কমিটি না থাকায় পৌর এলাকায় দলীয় কর্মসূচিগুলো যথাযথভাবে পালিত হচ্ছে না। একই কারণে দলের সাংগঠনিক ভিত্তিও দুর্বল হয়ে পড়ছে।

দলীয় সূত্রে জানা গেছে, দলের মধ্যে নেতৃত্ব নিয়ে নেতা-কর্মীদের দ্বন্দ্ব ও প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হওয়াসহ নানা কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

শাহরাস্তি আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে শাহরাস্তি পৌরসভা গঠিত হয়। ২০০২ সালে নুরুল হককে সভাপতি ও মো. মফিজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে পৌর আওয়ামী লীগের প্রথম কমিটি গঠন করা হয়। তাঁরা ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে ২০১০ সালে রেজাউল করিমকে আহ্বায়ক ও কামরুজ্জামানকে সদস্যসচিব করে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

দলীয় সূত্র জানায়, ২০১১ সালে শাহরাস্তি পৌরসভা নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে রেজাউল করিম মেয়র পদে প্রার্থী হন। রেজাউল করিম প্রার্থী হওয়ায় ওই নির্বাচনে দলীয় প্রার্থী মোশারফ হোসেন পাটওয়ারী পরাজিত হন। এ পরাজয়ের জন্য রেজাউল করিমকে দায়ী করে জেলা আওয়ামী লীগ পৌর নির্বাচনের পরে তাঁকে দল থেকে বহিষ্কার করে।

দলের একাধিক নেতা-কর্মী জানান, ২০১৩ সালের শেষ দিকে পৌর আহ্বায়ক কমিটির সদস্যসচিব কামরুজ্জামান উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৪ সালের মে মাসে শাহরাস্তি পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হয়। পৌর কমিটির আহ্বায়ক বহিষ্কার ও সদস্যসচিব পদত্যাগ করার কারণে পৌর আওয়ামী লীগের কমিটি তখন বিলুপ্ত হয়।

তবে রেজাউল করিম নিজেকে এখনো আহ্বায়ক দাবি করে প্রথম আলোকে বলেন, ‘পৌর কমিটির সব কার্যক্রম আমাকে চালাতে হয়। গত উপজেলা নির্বাচনে দলের টিকিটে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। গত ২২ ও ২৩ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় সম্মেলনে আমাকে কাউন্সিলর বানানো হয়েছে। যাঁরা আমাকে বহিষ্কারের কথা বলছেন, তাঁদের কাছে কোনো প্রমাণ থাকলে দেখাতে বলেন।’ রেজাউল করিম দাবি করেন, শাহরাস্তি পৌরসভা ‘প্রথম’ শ্রেণিতে উন্নীত হওয়ায় এটি এখনো জেলার সাংগঠনিক স্বীকৃতি পায়নি। এ কারণে পৌর কমিটি হচ্ছে না।

রেজাউল করিমকে বহিষ্কার করার বিষয়ে জেলা কমিটি বক্তব্য হচ্ছে, পৌর নির্বাচনের পরে রেজাউল করিমকে বহিষ্কার করা হয়েছিল। তখন কমিটিও বিলুপ্ত করা হয়েছিল।

শাহরাস্তি পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম আক্ষেপ করে বলেন, শাহরাস্তির কোথাও আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নেই। দল ক্ষমতায় থাকলেও কমিটি না থাকায় দলীয় কর্মসূচিগুলো যথাযথভাবে পালন করা হচ্ছে না।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বলেন, ‘আমি পৌর কমিটির সদস্যসচিব ছিলাম। পরে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হয়েছি। আমাদের দায়িত্বকালীন ২০১০ সালে আমরা তিনটি ওয়ার্ডের কমিটি করেছি। কিছুদিন পর শাহরাস্তি পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হওয়ার কারণে অন্য ওয়ার্ডগুলোর কমিটি করা যায়নি। পৌর কমিটিও তখন বিলুপ্ত হয়েছে।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী জানান, ‘উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ বিভিন্ন কারণে শাহরাস্তি পৌর আওয়ামী লীগের কমিটি গঠন করা যায়নি। আমরা এত দিন জেলা পরিষদ নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। এখন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।’