পৌর নির্বাচনকে ঘিরে 'সন্ত্রাস তীব্রতম' করা হচ্ছে: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবীর রিজভী
রুহুল কবীর রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন, পৌর নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাস তীব্রতম করা হয়েছে। বিভিন্ন জায়গায় প্রচারের মাইক ভেঙে দেওয়া হচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, পথসভায় ককটেল হামলা হচ্ছে। মেয়র প্রার্থীদের ওপর হামলা চালিয়ে জখম করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব অভিযোগ করেন।
রিজভী বলেন, আমরা জানতে পেরেছি, রাজধানীর বেশ কয়েকটি পেশাদার সন্ত্রাসী গ্রুপ নির্বাচনী এলাকায় ভাড়ায় নিয়োজিত হয়েছে। নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, কমিশন কথা দিয়ে চিড়া ভেজাতে চেয়েছিল। কিন্তু চিড়া ভিজছে না। নির্বাচনী এলাকায় ওসি ডিসিরা কোনো নির্দেশনা মানছেন না।
গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল অভিযোগ করেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা কৃষক দলের সহসভাপতি নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতরাতে একই কায়দায় দিনাজপুরের বিরামপুর পৌরসভা নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আজাদুল ইসলামকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়েছে।
গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে দলটি। সেখানে এই পৌরসভা নির্বাচনে কারচুপির আশঙ্কা প্রকাশ করে বিএনপি। দলটি কূটনীতিকদের বলেছে, ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের মতো পৌর নির্বাচনও একতরফা করার চেষ্টা করছে সরকার।
বিএনপির কয়েকজন নেতা জানিয়েছেন অস্ট্রেলিয়া, নেপাল, তুরস্ক, সুইডেন, জাপান, পাকিস্তান, ভারতসহ কয়েকটি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। বেশির ভাগ দেশের রাজনৈতিক অ্যাটাশে এই বৈঠকে অংশ নেন বলে তাঁরা জানিয়েছেন।