পৌর নির্বাচনে আ.লীগের প্রচার দল গঠন
নির্বাচনী প্রচার ও বিদ্রোহী প্রার্থীদের নিষ্ক্রিয় করতে প্রতিটি বিভাগের জন্য আলাদা দল গঠন করেছে আওয়ামী লীগ। মন্ত্রী-সাংসদ নন এমন জ্যেষ্ঠ ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে এসব দল করা হয়েছে। আগামী সোমবার থেকে এই দলের নেতারা ঢাকার বাইরে যাবেন। পৌর নির্বাচন তদারকের সঙ্গে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।
আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, পৌর নির্বাচনে আওয়ামী লীগ উভয়সংকটে পড়েছে। ফল ভালো হলে প্রভাব খাটানোর অপবাদ আসবে। আর খারাপ হলে দলের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠবে। এ জন্য প্রচারে যাতে কোনো খামতি না থাকে সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি দলের বিদ্রোহী প্রার্থীদের বশে আনার বিষয়ে চেষ্টা অব্যাহত রাখা হবে।
আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, মন্ত্রী-সাংসদেরা সরাসরি ভোট না চাইলেও বিজয় দিবসের কর্মসূচিসহ নানা দলীয় কর্মকাণ্ডের আদলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রাখা ও বিদ্রোহীদের নিষ্ক্রিয় করতে কাজ করবেন। তবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে রেহাই পেতে এসব কর্মসূচিতে প্রার্থীদের সঙ্গে না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা গত দুই দিন দলের ধানমন্ডি কার্যালয়ে প্রচারকৌশল নিয়ে বৈঠক করেন। সেখানেই কেন্দ্রীয় প্রচার দলের তালিকা তৈরি করা হয় এবং তা দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে দেওয়া হবে। জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, দলীয় নির্বাচন বলে দলের প্রার্থীর পক্ষে প্রচার চালানো হবে। মন্ত্রী-সাংসদ নন এমন কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। দুই-এক দিনের মধ্যেই কেন্দ্রীয় নেতারা প্রচারে বের হবেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার দলের বাইরে সহযোগী সংগঠন ও পেশাজীবীদের আলাদা আলাদা দল নিয়ে ইতিমধ্যে প্রচারে নেমেছে। আর এর বাইরে ১৪ দলের নেতা ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়ার নেতৃত্বে আরেকটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই দলে আওয়ামী লীগের কারা কারা থাকবেন তা এখনো ঠিক হয়নি। সূত্র জানায়, ১৪ দলের প্রচার টিম নিয়ে আওয়ামী লীগের তেমন আগ্রহ নেই। এটা করার সিদ্ধান্ত হয়েছে শরিকদের চাপে।
সূত্র জানায়, ঢাকা বিভাগের প্রচার দলের দায়িত্ব দেওয়া হয়েছে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ ও নূহ-উল-আলম লেনিনসহ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে। জাফর উল্যাহ খুলনা বিভাগেরও সমন্বয় করবেন। সেখানে তাঁর সঙ্গে কেন্দ্রীয় সদস্য এস এম কামাল থাকবেন। রাজশাহী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে সভাপতিমণ্ডলীর সতীশ চন্দ্র রায় ও রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জমান লিটনকে। রংপুর বিভাগে কেন্দ্রীয় নেতা বদিউজ্জামান ভূইয়া ও নুজহাত চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রামে নেতৃত্ব দেবেন ত্রাণ ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। সিলেট ও বরিশালে যথাক্রমে সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ এবং তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন।
সূত্র জানায়, এসব প্রচার দলে কেন্দ্রীয় আরও নেতা যোগ হবেন। তাঁরা দলগত কিংবা এককভাবে গণসংযোগ ও কর্মিসভা করবেন। জানতে চাইলে কাজী জাফর উল্যাহ প্রথম আলোকে বলেন, তিনি আজ রোববার থেকে কাজ শুরু করবেন।
পৌর নির্বাচনের জন্য যুবলীগ ৩১টি দল গঠন করেছে। আজ তাদের নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় নেতারা বৈঠক করবেন। জানতে চাইলে সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, সবগুলো দলই প্রচারে নেমে গেছে। ২৩৪টি পৌরসভার সবগুলোতেই তাদের দল যাবে। সেখানে কর্মিসভা ও গণসংযোগ করবে। আজ প্রচারের অগ্রগতি পর্যালোচনা করা হবে।
স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগও আলাদা আলাদাভাবে প্রচার চালাচ্ছে।