পৌর নির্বাচনে কেন্দ্রীয় নেতাদের মাঠে থাকার নির্দেশ খালেদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া । ফাইল ছ​বি
খালেদা জিয়া । ফাইল ছ​বি

পৌর নির্বাচনে দলের কেন্দ্রীয় নেতাদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়।
চেয়ারপারসনের উপদেষ্টা, দলের ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে এই বৈঠক করেন খালেদা জিয়া। রাত সোয়া নয়টায় শুরু হয়ে বৈঠক চলে পৌনে ১১টা পর্যন্ত। বৈঠক শেষে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তবে বৈঠকের একাধিক সূত্র প্রথম আলোকে বলেন, বৈঠকে আলোচনা হয়েছে মূলত পৌরসভা নির্বাচন নিয়ে। ১২ থেকে ১৫ জন নেতা তাঁদের মতামত তুলে ধরেছেন। বৈঠকে জানানো হয়েছে, নির্বাচন পরিচালনার জন্য এক বা একাধিক কমিটি গঠন করা হবে। এ ছাড়া খালেদা জিয়া বলেছেন দলের কেন্দ্রীয় নেতাদের মাঠে থাকতে হবে। শেষ পর্যন্ত নির্বাচনে থাকার চেষ্টা করতে হবে। যাঁরা অতীতে সংসদ নির্বাচন করেছেন, তাঁরা মাঠে থাকবেন। কেন্দ্রীয় নেতারা নিজ নিজ এলাকায় মাঠে থাকবেন। এর বাইরে কোথাও প্রয়োজন হলে বা স্থানীয় নেতারা প্রয়োজন মনে করলে কেন্দ্রীয় নেতাদের যাকে যেখানে যেতে বলা হবে তিনি সেখানে যাবেন।
বৈঠক সূত্র জানায়, চেয়ারপারসন বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে বৈঠকে জানতে চেয়েছেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত নেতারা জানান, অনেক বিদ্রোহী ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। কাল রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বেশির ভাগই প্রত্যাহার করে নেবেন তাঁরা আশা করছেন। যাঁরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করছেন, তাদের বুঝিয়ে শুনিয়ে মনোনয়ন প্রত্যাহার করানোর ওপর গুরুত্বারোপ করেন খালেদা জিয়া।

বৈঠকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, রুহুল আলম চৌধুরী, শামসুজ্জামান দুদু ও এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহমদ ও সেলিমা রহমান এবং যুগ্ম মহাসচিব মো. শাহজাহান ও মিজানুর রহমান মিনু প্রমুখ উপস্থিত ছিলেন।