পৌর নির্বাচনে সরকার প্রধানের হাত দিয়েই অনিয়ম: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারপ্রধান ও আওয়ামী লীগ সভানেত্রীর হাত দিয়েই পৌরসভা নির্বাচনে অনিয়ম হয়েছে। সরকারপ্রধানের হাত দিয়েই যখন অনিয়ম শুরু, তখন এই নির্বাচন সুষ্ঠু হওয়ার আর কোনো সুযোগ থাকে না।
গতকাল বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই অভিযোগ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আইনে সুস্পষ্টভাবে বলা আছে, প্রতিটি দলের মনোনয়ন দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি প্রতি পৌরসভায় মেয়র পদে দল থেকে একজন করে প্রার্থীর নাম উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি পাঠাবেন। আওয়ামী লীগের এই ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি দলীয় সভানেত্রী শেখ হাসিনা। তিনি কয়েকটি পৌরসভায় মেয়র পদে একাধিক ব্যক্তিকে দলীয় প্রার্থী উল্লেখ করে চিঠি দিয়েছেন। এই পৌরসভাগুলো হলো শরীয়তপুর সদর, বরগুনার বেতাগী, খুলনার পাইকগাছা ও মাগুরা সদর।
মির্জা ফখরুল বলেন, এই চারটি ক্ষেত্রে সুস্পষ্ট তথ্য আছে। কিন্তু এর বাইরে হয়তো আরও থাকতে পারে। রিটার্নিং কর্মকর্তারা এই মনোনয়নপত্রগুলো গ্রহণ করেছেন। তাঁরা বলেছেন, কমিশন এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেবে। কিন্তু তার প্রয়োজন নেই। কেননা, আইনে সুস্পষ্ট বলা আছে, এক দলের থেকে একের অধিক মনোনয়নপত্র দেওয়া হলে সব কজনের মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে।
আইন অমান্য করে আওয়ামী লীগের অনেক সাংসদ ও প্রার্থী এরই মধ্যে নির্বাচনী প্রচারে নেমেছেন উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, কিন্তু তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কেবল তিনজন সাংসদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ফখরুল বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। তারপরও বিএনপি গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে অংশ নিয়েছে।
সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।