পৌর নির্বাচনে ৮০ শতাংশ আসনে হারবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তাদের নেতিবাচক রাজনীতির জন্য আসন্ন পৌরসভা নির্বাচনে ৮০ শতাংশ আসনেই হেরে যাবে।
গতকাল শনিবার সকালে নরসিংদীর পাঁচদোনায় ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ রাজনৈতিক বিলবোর্ড ও স্থাপনা পরিদর্শনের সময় মন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় তিনি আট দিনের মধ্যে সব বিলবোর্ড অপসারণের নির্দেশ দেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি আজ তোতাপাখির মতো প্রতিদিনই বলে যাচ্ছে, নির্বাচন নিকৃষ্ট হবে, নির্বাচন সুষ্ঠু হবে না, সুষ্ঠু হলে ৮০ শতাংশ আসনে তারা বিজয়ী হবে। কিন্তু তারা যেহেতু মাঠে-ময়দানে থাকে না, তারা জনগণের মনের ভাষা ও চোখের ভাষা জানে না।
পরে মন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন মোড়ে রাজনৈতিক ও অরাজনৈতিক সব ধরনের বিলবোর্ড অপসারণের জন্য আট দিনের সময় বেঁধে দিয়ে সড়ক ও জনপথের (সওজ) কর্মকর্তা ও পুলিশকে নির্দেশ দেন। এ সময় সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহাবুদ্দীন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, নরসিংদী সওজ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।