পৌর নির্বাচনের বিষয়ে ইতিবাচক বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ২০-দলীয় জোটের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
গতকাল বুধবার রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বৈঠক-সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।
তবে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, পৌর নির্বাচনে যাওয়া না-যাওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিএনপি। শিগগিরই এ সিদ্ধান্ত জানানো হবে। তিনি বলেন, সভায় স্থানীয় সরকার নির্বাচন ও দল পুনর্গঠনসহ দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সবাই খোলামেলা আলোচনা করেছেন। সবার বক্তব্য নোট নেওয়া হয়েছে। এ বক্তব্য দলের চেয়ারপারসনকে দেওয়া হবে। চেয়ারপারসন এগুলো পর্যালোচনা করে তাঁর সিদ্ধান্ত জানাবেন। বৈঠক থেকে চেয়ারপারসনকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক হয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, দুই ঘণ্টার এ বৈঠকে মূল আলোচনা ছিল পৌর নির্বাচন নিয়ে। নির্বাচনে যাওয়া না যাওয়ার পরিপ্রেক্ষিতে অতীতের তিক্ত অভিজ্ঞতা তুলে পক্ষে-বিপক্ষে দুই রকম মতই এসেছে। একই সঙ্গে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না—এমন মতও এসেছে। কিন্তু দলের মাঠপর্যায়ের নেতারা প্রায় সবাই নির্বাচনের পক্ষে, তাই নির্বাচনে যাওয়াটা উচিত হবে বলে বেশির ভাগই নেতা মত দেন।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বিএনপি দলীয় প্রতীকে পৌর নির্বাচনে যাওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। তবে নির্বাচন কমিশনকে চাপে রাখার জন্য কিছু শর্ত যুক্ত করা হতে পারে।
দলীয় প্রধানের সঙ্গে এ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ ও গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ওসমান ফারুক ও শামসুজ্জামান (দুদু), যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন প্রমুখ অংশ নেন।