পৌর যুবলীগের পাল্টাপাল্টি কমিটি, কারণ দর্শাতে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর পৌর যুবলীগের পাল্টাপাল্টি কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় জেলা যুবলীগের পক্ষ থেকে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও তিন যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে।

পৌর যুবলীগ সূত্র জানায়, ১১ ফেব্রুয়ারি মির্জাপুর পৌর যুবলীগের সম্মেলন হয়। এতে পৌর যুবলীগের সাবেক সভাপতি মো. আলতাব হোসেন মৃধা সভাপতিত্ব করেন। সম্মেলনে ইয়াছিন মিয়াকে সভাপতি মনোনীত করা হয়। সাধারণ সম্পাদক পদে জেলা যুবলীগের কয়েকজন নেতা ও উপজেলা যুবলীগের আহ্বায়ক সেলিম সিকদার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সাবেক সভাপতি সজিব হোসেনকে মনোনীত করতে বলেন। কিন্তু উপজেলা যুবলীগের তিন যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, শামীম আল মামুন ও আজাহারুল ইসলাম সাধারণ সম্পাদক পদে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান আল মামুনকে মনোনীত করতে বলেন। এ নিয়ে মতবিরোধের একপর্যায়ে সেলিম সিকদার সেখান থেকে বেরিয়ে যান। ফলে কমিটি গঠন ছাড়াই সভা শেষ হয়। পরদিন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভা করে উপজেলা যুবলীগের ওই তিন যুগ্ম আহ্বায়কের সই করা এক বিজ্ঞপ্তিতে ইয়াছিন মিয়াকে সভাপতি ও দেওয়ান আল মামুনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

সূত্র আরও জানায়, ওই কমিটিকে অবৈধ ঘোষণা করেন জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। ১৫ ফেব্রুয়ারি তাঁদের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে কাউন্সিলরদের তালিকা না থাকায় এবং উপজেলা যুবলীগের নেতাদের একমত হতে না পারায় কমিটি গঠন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। কাউন্সিলরদের তালিকা তৈরি না করে সম্মেলন করায় জেলা যুবলীগের পক্ষ থেকে ওই দিন আহ্বায়ক ও তিন যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর চিঠিও দেওয়া হয়। এরপর গত সোমবার জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে ইয়াছিন মিয়াকে সভাপতি ও সজিব হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করে কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম আল মামুন বলেন, গঠনতন্ত্র মোতাবেক পৌর যুবলীগের কমিটি ঘোষণার এখতিয়ার উপজেলা যুবলীগের। জেলা যুবলীগ কোনোভাবেই এ কমিটি ঘোষণা করতে পারে না। তাই আগের ঘোষিত কমিটিই বৈধ।

উপজেলা যুবলীগের আহ্বায়ক সেলিম সিকদার কারণ দর্শানোর জবাব দিয়েছেন উল্লেখ করে বলেন, তাঁকে এড়িয়ে যোগ্য প্রার্থীকে বাদ রেখে অবৈধভাবে কমিটি গঠনের চেষ্টা করায় তিনি কাউন্সিল অধিবেশন থেকে বেরিয়ে এসেছিলেন। বিষয়টি জেলা নেতারা অবগত ছিলেন। সোমবার ঘোষিত নতুন কমিটিই বৈধ।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন গতকাল মঙ্গলবার বলেন, নিয়ম অনুয়ায়ী সংগঠন চলবে। কেন্দ্রের নির্দেশনা অনুয়ায়ী পৌর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। তিন যুগ্ম আহ্বায়ক কেন কারণ দর্শানোর জবাব দেননি, তা জানতে চেয়ে আবার তাঁদের চিঠি দেওয়া হবে।