পৌরসভা আছে, সেবা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মদন। নেত্রকোনা জেলার একটি পৌরসভা। ২০০০ সালের আগস্টে জন্ম নেওয়া। ষোড়শী এই পৌরসভায় এখনো শহুরে জীবনের তেমন কোনো ছোঁয়া নেই। চারদিকে গ্রামীণ আবহ।
জাহাঙ্গীরপুরে পৌরভবন, তার ডান পাশে বিস্তীর্ণ কৃষিজমি। এখন ধান কাটা শেষ। মাঠে গরু চরছে। পৌরসভা এলাকায় ছোট্ট ধানখেত, কোথাও সরিষাখেত। পুকুর-ডোবায় খেলা করছে হাঁসের দল। বাড়ির আঙিনায় বেঁধে রাখা আছে গরু, খড়ের গাদা।
তারপরও আইনের বলে মদন একটি শহর। অবশ্য পৌরসভা আইনের (২০০৯) শর্ত মানতে হলে মদনকে শহর এলাকা তথা পৌরসভা বলাটা একটু কঠিন। ওই আইনে বলা আছে, পৌর এলাকার জনসংখ্যা ৫০ হাজারের কম হবে না, জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে দেড় হাজারের কম নয়, ৩৩ শতাংশ ভূমি অকৃষি প্রকৃতির, তিন-চতুর্থাংশ ব্যক্তি অকৃষি পেশায় নিয়োজিত থাকতে হবে।
মদন পৌরসভা কার্যালয়ের তথ্য অনুসারে, ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এই পৌর এলাকার জনসংখ্যা ১৭ হাজার ৩৮৮। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১ হাজার ৪৭৬। নাগরিকদের পেশা ও ভূমির প্রকৃতি সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে এলাকার বিভিন্ন শ্রেণির লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের ধারণা, এখানকার অর্ধেকের বেশি মানুষ কৃষিনির্ভর। মোট ভূমির অর্ধেকের বেশি কৃষিজমি।
‘গ’ শ্রেণির এই পৌরসভাটির আয়তন ১০ বর্গকিলোমিটার। এখানকার নাগরিকেরা এখনো তেমন কোনো পৌরসেবা পান না। স্থানীয় লোকজন জানান, এখানে আর্সেনিকের ঝুঁকি থাকলেও নলকূপই পানির জন্য ভরসা। বর্জ্য ব্যবস্থাপনার কোনো ব্যবস্থা নেই। পয়োনিষ্কাশনব্যবস্থা খুবই সীমিত। মদন বাজার এলাকায় মূল রাস্তায় সড়কবাতি আছে অল্প কিছু। গ্যাস নেই। রাস্তাঘাটের অবস্থাও খুব একটা ভালো না।
পৌরসভা কার্যালয়ের তথ্য অনুযায়ী, এখানে কাঁচা ড্রেন আছে চার কিলোমিটার, প্রাইমারি খাল পাঁচ কিলোমিটার, আরসিসি ড্রেন মাত্র এক কিলোমিটার আর ব্রিক ড্রেন আছে পাঁচ কিলোমিটার। মোট রাস্তা ৪৯ কিলোমিটার। এর মধ্যে ২৯ কিলোমিটার রাস্তার অবস্থা ভালো নয়। ১০ কিলোমিটার রাস্তা এখনো কাঁচা। পাকা বাড়িও অল্পসংখ্যক, ১২৯টি। আর কাঁচা বাড়ি ১ হাজার ৩০০, আধা পাকা ১ হাজার ৭৬৬টি। এসব তথ্য পৌরসভার ওয়েবসাইটেও দেওয়া আছে। পৌরসভার সচিব জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, এসব হালনাগাদ তথ্য।
স্থানীয় একজন রাজনীতিক নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘ভাই, টেক্স তো দেই, কোনো সেবা পাই না।’ তিনি বলেন, বাসাবাড়ির ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার জন্য পৌরসভার পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেই। সবাই গার্লস স্কুলের মাঠের এক পাশে ময়লা ফেলে। কিছু ড্রেন আছে, সেগুলোও নিয়মিত পরিষ্কার করা হয় না।
পৌরসভার জাহাঙ্গীরপুর এলাকায় একটি ড্রেন চোখে পড়ে। এটিকে ড্রেন না বলে ময়লার ভাগাড়ও বলা যায়। ময়লা-আবর্জনা জমে আছে ড্রেনে। স্থানীয় লোকজন জানান, বর্ষায় এলাকার অনেক জায়গায় পানি জমে যায়।
পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন প্রথম আলোকে বলেন, পয়োনিষ্কাশনব্যবস্থা আরও উন্নত করতে হবে। আস্তে আস্তে বসতি বাড়ছে। পানির প্রবাহও বাধাপ্রাপ্ত হচ্ছে। তিনি নিজেও স্বীকার করেন পৌরবাসীকে সব পৌরসেবা দেওয়া যাচ্ছে না। মেয়র বলেন, পৌরসভায় সত্যিকার পৌরসেবা পাওয়া যাচ্ছে না আর্থিক দীনতার কারণে। সরকারি অনুদান কম, করও ভালো আদায় হয় না। প্রতিবছর গড়ে ৬০-৬৫ হাজার টাকার মতো কর থেকে আয় হয়। এর বাইরে ট্রেড লাইসেন্স ও অন্যান্য ফরম বিক্রি থেকে সামান্য কিছু আয় হয়। তিনি মনে করেন, ‘গ’ শ্রেণির পৌরসভাগুলোতে সরকারের অনুদান বাড়ানো উচিত। এতে পৌরসভাগুলো উন্নত হবে।
পৌরসভা কার্যালয় সূত্র জানায়, আবর্জনা ব্যবস্থাপনার জন্য পৌরসভার একটি ট্রাক ছিল। পাঁচ বছরের বেশি সময় ধরে সেটি নষ্ট হয়ে আছে। সাপ্লাইয়ের পানির ব্যবস্থা করার জন্য জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা একটি প্রকল্প হাতে নিয়েছিল। কাজ কিছু দূর এগোনোর পর তা আটকে গেছে। বৈদ্যুতিক খুঁটি বসানো এবং সড়কবাতি দেওয়ার কাজও কিছু শুরু হয়েছে।
বৈশ্যপাড়ার গৃহিণী গীতা রানী বলেন, গ্রামের চেয়ে তাঁদের পৌরসভা খুব একটা আলাদা কিছু নয়। তবে এখানে তুলনামূলক ভালো শিক্ষাপ্রতিষ্ঠান আছে। সরকারি অফিস-আদালত কাছে। সব মিলে তিনি একেবারে অসন্তুষ্ট নন।