পৌরসভা ও কলেজ ছাত্রলীগের কার্যক্রম সাময়িক স্থগিত
জামালপুরের সরিষাবাড়ী পৌর শাখা ও সরিষাবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জামালপুর জেলা ছাত্রলীগ গত শনিবার রাতে এক চিঠিতে এ তথ্য জানায়।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বি মিয়া বলেন, চিঠিতে ছাত্রলীগের জামালপুর জেলা শাখার সভাপতি নিহাদুল আলম ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালালের স্বাক্ষর ছিল।
ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা বলেন, ৮ জানুয়ারি সরিষাবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলামকে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান ও তাঁর সমর্থকেরা মারধর করেন। এ সময় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এল এম মাহফুজ আহম্মেদ এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। এ ছাড়া মেহেদি হাসানের বিরুদ্ধে কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগও আছে। এ ঘটনায় ৯ জানুয়ারি রাতে আরিফুল ইসলাম (২১) পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসানকে প্রধান আসামি করে আট ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মারধর ও উত্ত্যক্ত করার অভিযোগে মামলা করেন। মামলার অপর আসামিরা হলেন পৌর ছাত্রলীগের সহসভাপতি মো. আতিক হাসান, ক্রীড়া সম্পাদক মো. কবির, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক মো. বাবু মিয়া, সহসম্পাদক মো. নাঈম, সদস্য মো. সাগর, মো. মানিক, মো. লিটন।
১০ জানুয়ারি পুলিশ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসানকে পৌরসভার চক হাটবাড়ি থেকে গ্রেপ্তার করে। মেহেদি হাসানকে বহিষ্কারের দাবিতে ১১ জানুয়ারি উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে কলেজ ছাত্রলীগ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা যাতে আর না বাড়ে এ জন্য জেলা ছাত্রলীগ এই সিদ্ধান্ত নেয়।
সরিষাবাড়ী পৌর ছাত্রলীগের সভাপতি শিহাব হোসেন বলেন, জেলা ছাত্রলীগের এ সিদ্ধান্ত তাঁরা মেনে নেবেন। তবে সংগঠন দুটির পুরো কার্যক্রম স্থগিত না করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে ভালো হতো।
জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম বলেন, জেলা শাখা ছাত্রলীগের এক জরুরি সভার সিদ্ধান্ত অনুয়ায়ী সরিষাবাড়ী পৌর ছাত্রলীগ ও সরিষাবাড়ী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ড সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।