পৌরসভা নির্বাচন সরকারের অগ্নিপরীক্ষা: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মওদুদ আহমদ
মওদুদ আহমদ

পৌরসভা নির্বাচনকে সরকারের ‘অগ্নিপরীক্ষা’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, এক পরীক্ষায় (তিন সিটি নির্বাচন) তারা ফেল করেছে।
আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের এক আলোচনা সভায় মওদুদ আহমদ এ কথা বলেন। তিনি বলেন, সব বিশ্লেষকেরা বলছেন, পৌরসভা নির্বাচনও বোধ হয় ঢাকা সিটি করপোরেশনের মতোই হবে। কারণ এই প্রশাসনের মাধ্যমেই নির্বাচন হবে। নির্বাচন কমিশনও নতজানু। সুতরাং সরকার যা ইচ্ছা করবে, তা-ই হবে।
বিএনপির এই নেতা বলেন, ‘অনেক প্রতিকূল অবস্থা সত্ত্বেও আমরা জেনেশুনেই এ নির্বাচনে গেছি। একটা বিষয়ে সবাই একমত, এ নির্বাচনে সরকারের অগ্নিপরীক্ষা হবে আবার। আমরা আপ্রাণ চেষ্টা করব, শেষ পর্যন্ত নির্বাচনে মাঠে লড়াইয়ে থাকার।’ তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে প্রত্যেক পৌরসভায় ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন। সে ভয়ে সরকার যদি সুষ্ঠু নির্বাচন করতে না দেন, তাহলে এর অভিশাপ এবং এর ভয়াবহ পরিণতি সরকারকে বহন করতে হবে।’
মওদুদ আহমদ বলেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শে এবং মুক্তিযুদ্ধের চেতনায় একটি গণতান্ত্রিক ও মধ্যপন্থী রাজনৈতিক দল। সন্ত্রাস, উগ্রবাদ ও জঙ্গিবাদকে বিএনপি প্রত্যাখ্যান করে। কিন্তু সরকার একটি ভুল নীতি গ্রহণ করেছে। গণতান্ত্রিক শক্তিগুলোকে রাজনীতি করার সুযোগ দেওয়া হচ্ছে না। এ ক্ষেত্রে ইতিহাসের চরম স্বীকৃত সত্য হচ্ছে, এ ধরনের শূন্যতায় উগ্রবাদী বিপথগামীরা সমাজে অস্থিরতা সৃষ্টি করে। তাই পুলিশ-র‍্যাব দিয়ে জঙ্গিবাদ দমন করা সম্ভবপর হবে না। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে যদি নিষ্কৃতি পেতে চাই, সরকারের উচিত হবে, সব গণতান্ত্রিক রাজনৈতিক দল ও শক্তিকে ঐক্যবদ্ধ করা। গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়া। নইলে এর পরিণতিতে গোটা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। 

আলোচনায় আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ, অধ্যাপক মাহবুব উল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।