পৌরসভার বিপণিবিতান দখলে রাজনীতিক, কাউন্সিলর এককাট্টা
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার একটি বিপণিবিতান দখল করে রেখেছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির (জাপা) কয়েকজন নেতা এবং পৌরসভার প্যানেল মেয়রসহ কয়েকজন কাউন্সিলর। তাঁরা ১০ বছর ধরে ওই বিপণিবিতানের দোকানগুলো (১১টি) ভাড়া দিয়ে টাকা নিচ্ছেন। ফলে বিপণিবিতান থেকে পৌরসভার কোনো আয় নেই।
পৌর কার্যালয় সূত্র জানায়, ২০০২ সালে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে পৌরসভা পোস্ট অফিস সড়কের যুগীহাটায় বিপণিবিতানের নির্মাণকাজ শুরু করে। ২০০৪ সালে নির্মাণকাজ শেষে দোকান বরাদ্দের বিজ্ঞপ্তি দেওয়ার আগেই কয়েকজন রাজনৈতিক নেতা এবং কাউন্সিলররা বিপণিবিতানের ১১টি দোকানই দখল করেন। প্রতিটি দোকানের আয়তন ১৫০ বর্গফুট। তাঁরাই দোকান ভাড়া দিয়েছেন। এতে পৌরসভা প্রতি মাসে প্রায় ২৫ হাজার টাকা ভাড়া পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। অথচ টাকার অভাবে পৌরসভার শতাধিক কর্মকর্তা-কর্মচারীর ভবিষ্য-তহবিল ও পারিতোষিকের (গ্র্যাচুইটি) টাকা জমা দেওয়া যাচ্ছে না। টাকা না থাকায় রাস্তাঘাটও মেরামত করা যাচ্ছে না।
দোকানগুলোর কয়েকজন ভাড়াটে জানান, পৌরসভার ১ নম্বর প্যানেল মেয়র ও রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী নাজমুল কাদের তিনটি, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামসেদ কবির একটি, যুগ্ম আহ্বায়ক ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম হায়দার চৌধুরী একটি, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিন উল্যা একটি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন একটি, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম দুটি, উপজেলা জাতীয় পার্টির সদস্য শরিফ হোসেন একটি ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন একটি দখলে রেখেছেন। দোকানগুলো থেকে মাসে দুই থেকে আড়াই হাজার টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে।
পৌরসভার সচিব আবদুল কাদের জানান, নিয়মানুযায়ী পত্রিকায় দোকান বরাদ্দের দরপত্রের বিজ্ঞপ্তি দিয়ে দোকান ভাড়া দেওয়ার কথা। কিন্তু পৌরসভা ওই দরপত্র আহ্বান করার আগেই কাউন্সিলর ও রাজনীতিকেরা দোকানগুলো দখল করে নেন। এ কারণে পৌর কর্তৃপক্ষ দোকানগুলো ভাড়া দিতে পারেনি।
এ বিষয়ে জানতে চাইলে প্যানেল মেয়র ও আওয়ামী লীগের নেতা নাজমুল কাদের দাবি করেন, ‘পৌরসভার নির্ধারিত ভাড়া ও জামানতের টাকা বেশি হওয়ায় দোকানগুলো কোনো ব্যবসায়ী ভাড়া নেননি। খালি রেখে লাভ কী, এ জন্য আমরা ভাড়া দিয়েছি। কিছুদিনের মধ্যে পৌরসভাকেদখলে বুঝিয়ে দেব।’ আর নুরুল ইসলামের দাবি, ‘মেয়রের সঙ্গে কথা বলে দোকান দখলে রেখেছি। পরে পৌরসভা থেকে লিজ নেব।’
কাউন্সিলর গোলাম হায়দার বলেন, ‘অন্যজনের দোকান। আমি মধ্যস্থতা করে ভাড়া দিয়েছি।’ আমিন উল্যা বলেন, ‘পৌরসভা থেকে লিজ নিয়েছি। আমি ডাক্তারের চেম্বারে আছি, পরে কথা বলব।’ শরিফ হোসেন বলেন, ‘সবাই দখল করে রেখেছে, তাই আমি সুযোগ হাতছাড়া করিনি।’
বিএনপির নেতা জাকির হোসেন বলেন, ‘কাউন্সিলর নাজমুল কাদের আমারটা ভাড়া দেন। ওনার সঙ্গে যোগাযোগ করেন।’ তবে নাজমুল বলেছেন, জাকির হোসেনের দখলে থাকা দোকানের ভাড়া তিনি নেন না।
রায়পুর পৌরসভার মেয়র এ বি এম জিলানী বলেন, কয়েকবার উদ্যোগ নিয়েও দোকানের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা যায়নি। মেয়র হয়েও কেন উদ্যোগ নেননি, জানতে চাইলে তিনি চুপ থাকেন।