প্যানেল মেয়র নির্বাচন ৪ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচন ৪ জুন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৩টি প্যানেল মেয়র পদের জন্য ৮ জন প্রার্থী হয়েছেন।

কুমিল্লা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের নির্বাচিত ২৭ জন সাধারণ কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত কাউন্সিলরের মধ্য থেকেই ৩ জন প্যানেল মেয়র নির্বাচিত হবেন। মেয়র মো. মনিরুল হক সাক্কু প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, প্যানেল মেয়র পদে কাউন্সিলরদের মধ্য থেকে ৩ জন নির্বাচিত হবেন। এর মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী। ১ নম্বর প্যানেল মেয়র পদ পেতে এবার মরিয়া আওয়ামী লীগ। গতবার ১ ও ২ নম্বর প্যানেল মেয়র বিএনপি-সমর্থিত এবং ৩ নম্বর প্যানেল মেয়র আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর হয়েছেন।

এবার ১ নম্বর প্যানেল মেয়র পদে প্রার্থী হচ্ছেন ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পী, ১৩ নম্বর ওয়ার্ডের বিএনপি-সমর্থিত কাউন্সিলর মো. শাখাওয়াত উল্লাহ এবং ১৪ নম্বর ওয়ার্ডের বিএনপি-সমর্থিত কাউন্সিলর মো. সেলিম খান। ২ নম্বর প্যানেল মেয়র পদে প্রার্থী হচ্ছেন ২১ নম্বর ওয়ার্ডের বিএনপি-সমর্থিত কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান, ১৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত সৈয়দ মো. সোহেল ও ২৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর মো. আলমগীর হোসেন। ৩ নম্বর প্যানেল মেয়র পদে সংরক্ষিত কাউন্সিলরদের মধ্যে আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের নুরজাহান আলম পুতুল ও ১ নম্বর ওয়ার্ডের একই দলের কাউছারা বেগম। আট প্রার্থীই প্যানেল মেয়র হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। একই সঙ্গে নিজেদের যোগ্য হিসেবে দাবি করেছেন।