প্রকৃত অপরাধীরা আড়াল হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মাহবুবুর রহমান
মাহবুবুর রহমান
দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় রাজনীতিতে পারস্পরিক দোষারোপ, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত—সাম্প্রতিক এসব পরিস্থিতি নিয়ে প্রথম আলোর মুখোমুখি হয়েছেন মাহবুবুর রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক সেনাপ্রধান

প্রথম আলো: দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনাটি কীভাবে দেখছেন? তদন্তকাজ কি ঠিকভাবে এগোচ্ছে?
মাহবুবুর রহমান: এটি অত্যন্ত দুঃখজনক যে দুই বিদেশি নাগরিককে কারা হত্যা করল, কেন হত্যা করল, সে বিষয়ে এখনো আমরা জানতে পারছি না। এটি জানানোর দায়িত্ব সরকারের। বিদেশি কূটনীতিকেরা ইতিমধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এটি অশনিসংকেত। এর আগে একজন সৌদি কূটনীতিক নিহত হওয়ার ঘটনায় তদন্ত ও শাস্তি হয়েছিল। এবার সরকার অপরাধীদের ধরতে পারেনি। ফলে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে উদ্বেগ বেড়েছে।
প্রথম আলো: সরকারের দাবি, তদন্ত এগোচ্ছে।
মাহবুবুর রহমান: কিন্তু তদন্ত হওয়ার আগেই সরকারি মহল থেকে নানামুখী মন্তব্য এসেছে। অমুকে হত্যা করেছে, অমুক দল দায়ী, ইত্যাদি বলে ঢালাও অভিযোগ করা হচ্ছে। এতে তদন্ত প্রভাবান্বিত হবে, সঠিক পথে এগোবে না।
প্রথম আলো: এ ক্ষেত্রে গোয়েন্দা ও তদন্ত সংস্থাগুলোর ভূমিকা কীভাবে দেখছেন?
মাহবুবুর রহমান: এই যে দুজন বিদেশি নাগরিককে হত্যা করা হলো, আমাদের সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলো কিছুই জানতে পারল না, সেটি তাদের ব্যর্থতা বলেই মনে করি। এর আগে ২১ আগস্টের গ্রেনেড হামলা এবং এ ধরনের বড় বড় জঙ্গি তৎপরতা সম্পর্কেও গোয়েন্দা সংস্থাগুলো আগাম খবর দিতে ব্যর্থ হয়েছে।
প্রথম আলো: এ ব্যর্থতা গোয়েন্দা সংস্থার, না রাজনৈতিক নেতৃত্বের?
মাহবুবুর রহমান: আমি বলব দুটোই। সবকিছু রাজনৈতিক নেতৃত্বের ওপর নির্ভর করে। গোয়েন্দা সংস্থাগুলোকে শক্তিশালী ও সক্ষম করার দায়িত্ব তো তাদেরই। সংস্থাগুলোকে যেভাবে গড়ে তোলার কথা ছিল, সেভাবে হয়নি বলেই অতীতে আমরা সফলতা পাইনি, এখনো পাচ্ছি না।
প্রথম আলো: ক্ষমতাসীন দলের অভিযোগ, অতীতে যারা বোমা–গ্রেনেড হামলা চালিয়েছে, পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেছে, এই হত্যার পেছনে তাদের হাত রয়েছে।
মাহবুবুর রহমান: দুঃখের ব্যাপার হলো, দেশের রাজনীতি অসুস্থ ও পারস্পরিক দোষারোপের। এর থেকে বেরিয়ে আসতে না পারলে ভবিষ্যতে আরও বড় বিপদ হতে পারে। এই ‘ব্লেম গেমের’ সুযোগে প্রকৃত অপরাধীরা আড়ালে চলে যেতে পারে। তাই তদন্তের আগে এ ধরনের মন্তব্য করা ঠিক না। সরকারের দায়িত্ব বিদেশিসহ সব নাগরিকের নিরাপত্তা দেওয়া। বিএনপির অনেক ব্যর্থতা ছিল। অনেক ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি। জজ মিয়ার কাহিনিও ছিল। কিন্তু বিএনপির ব্যর্থতার কথা বলে এখন সুষ্ঠু তদন্ত হবে না, সেটি কাজের
কথা নয়। ‘তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন’।
প্রথম আলো: বিদেশি হত্যার ঘটনা কি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করেন?
মাহবুবুর রহমান: রাষ্ট্রের জন্য সে ধরনের হুমকি হয়তো সৃষ্টি হয়নি, তবে আশঙ্কার কথা উড়িয়ে দেওয়া যায় না।
প্রথম আলো: হত্যাকাণ্ডের পর নিরাপত্তা রক্ষায় সরকার যেসব উদ্যোগ নিয়েছে, তা কি যথেষ্ট নয়?
মাহবুবুর রহমান: না, যথেষ্ট নয়। যথেষ্ট নয় বলেই বিদেশি রাষ্ট্রগুলো ও তাদের কূটনীতিকেরা শঙ্কা প্রকাশ করে যাচ্ছেন।
প্রথম আলো: তদন্তে বিদেশি সহায়তার প্রয়োজন আছে, নাকি দেশি সংস্থাগুলোই যথেষ্ট?
মাহবুবুর রহমান: সেটি নির্ভর করছে সরকারের তদন্তকাজ কতটা এগিয়েছে তার ওপর। তারা চাইলে বিদেশিদের সহায়তা নিতে পারে, জাতিসংঘের কাছেও আবেদন জানাতে পারে।
প্রথম আলো: ২১ আগস্টের গ্রেনেড হামলার পর এফবিআইয়ের প্রতিনিধিদল এসেছিল। তারা তো তদন্ত শেষ করতে পারেনি।
মাহবুবুর রহমান: সে সময় তারা তদন্তকাজ শেষ করে উঠতে পারেনি। কিন্তু এখন সে রকম কিছু হওয়া উচিত নয়।
প্রথম আলো: দায়িত্বশীল বিরোধী দল হিসেবে বিএনপি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে কি?
মাহবুবুর রহমান: বিএনপি এখন নানাভাবে পর্যুদস্ত, নিগৃহীত। এ রকম একটি পরিবেশে বিএনপির কাছে বেশি কিছু আশা করা বাস্তবসম্মত নয়। আমাদের নেতারা কেউ জেলে, কেউ পালিয়ে বেড়াচ্ছেন। সভা-সমাবেশ করতে পারছেন না। তারপরও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে দলীয় অফিসে নিয়মিত ব্রিফিং হচ্ছে।
প্রথম আলো: দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া দেশে নেই। এ মুহূর্তে দল কে চালাচ্ছেন?
মাহবুবুর রহমান: আমাদের গঠনতন্ত্র আছে, সে অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম চলছে।
প্রথম আলো: দলীয় চেয়ারপারসন শুধুই চিকিৎসার জন্য বা ছেলেকে দেখতে লন্ডন গেছেন, না এর পেছনে রাজনৈতিক কারণও আছে?
মাহবুবুর রহমান: তিনি একজন রাজনীতিক, তাঁর ছেলেও রাজনীতি করেন। গঠনতন্ত্র অনুযায়ী তাঁরা দলের দুই শীর্ষ নেতা। ফলে তাঁদের মধ্যে রাজনৈতিক আলোচনা হতেই পারে।
প্রথম আলো: দেশে এই মুহূর্তে জঙ্গি নিয়ে বিতর্ক চলছে। এক পক্ষ বলছে জঙ্গি আছে আইএস নেই; আরেক পক্ষ বলছে জঙ্গিই নেই। আপনি কী বলেন?
মাহবুবুর রহমান: এখানেও পারস্পরিক দোষারোপ চলছে। এ কারণেই আমরা দেশটা সুন্দরভাবে গড়ে তুলতে পারলাম না, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলাম না, দেশটা নিরাপদ করতে পারলাম না। দেশে জঙ্গি উত্থান তো হয়েছে, আমরা যদি বলি জঙ্গি নেই, সেটি হবে দিনের বেলায় চোখ বুজে সূর্য নেই বলার মতো সত্যকে অস্বীকার করা। একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে বলব, সবকিছু সরলীকরণ করা উচিত নয়। আমরা যদি এখনই সতর্ক না হই তাহলে জঙ্গিরা ভয়ংকর রূপ ধারণ করতে পারে। আর আইএসকেও খাটো করে দেখার সুযোগ নেই। এরা তো গোটা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে। পশ্চিমা দেশগুলো আইএসকে ভয়ানক বিপদ মনে করছে, যদিও এটি তাদেরই সৃষ্টি। আইএস আমাদের দেশে আছে সে কথা আমি বলতে চাইছি না, নেই তাও জোর দিয়ে বলতে পারব না। তবে জঙ্গি ছিল, আছে, আমরা কখনোই জঙ্গিমুক্ত হতে পারিনি।
প্রথম আলো: আপনি সেনাপ্রধান থাকতেই কি এখানে জঙ্গি তৎপরতা শুরু হয়নি? ঘটনার আগে কি বিপদ আঁচ করতে পেরেছিলেন?
মাহবুবুর রহমান: আমি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করি ১৯৯৮ সাল পর্যন্ত। তখনো জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। জঙ্গিদের প্রথম বড় হামলার ঘটনা ঘটে ১৯৯৯ সালে যশোরে উদীচী সম্মেলনে। কিন্তু তার আগেই আফগানিস্তানে তালেবানের উত্থান ঘটে। জঙ্গি তৎপরতা নজরদারিতে আনতে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে সেভাবে দক্ষ করে গড়ে তুলতে পারিনি। তাই এখন পরস্পরকে দোষারোপ না করে এই অপশক্তির বিরুদ্ধে জাতীয় মতৈক্য গড়ে তোলা দরকার।
প্রথম আলো: জঙ্গিদের বিরুদ্ধে আপনি জাতীয় মতৈক্যের কথা বলেছেন, সেটি কি জামায়াতে ইসলামীর মতো দলকে জোটে রেখে সম্ভব?
মাহবুবুর রহমান: জামায়াত নিয়ে তো একটি নেতিবাচক ধারণা আছে, নানা প্রশ্ন আছে। বিএনপি বলেছে জামায়াতের সঙ্গে সম্পর্ক আত্মিক নয়, কৌশলগত। বিএনপি গণতন্ত্র উদ্ধারে যে ২০-দলীয় জোট করেছে, জামায়াত তার একটি শরিক মাত্র। দুটি দলের রাজনৈতিক নীতি ও আদর্শ সম্পূর্ণ আলাদা।
প্রথম আলো: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বিএনপিকে জামায়াতের সঙ্গে ব্রাকেটবন্দী না করার কথা বলেছেন। তাহলে আপনারা সেই ব্রাকেট থেকে বেরিয়ে আসছেন না কেন?
মাহবুবুর রহমান: আমরা বেরিয়ে আসব; এটি সময়ের ব্যাপার। তবে আমাদের পাল্টা প্রশ্ন, সরকার যদি মনে করে জামায়াত জঙ্গি সংগঠন, তাহলে তাকে বেআইনি ঘোষণা করছে না কেন?
প্রথম আলো: সরকার সে রকম কিছু করলে আপনারা সমর্থন দেবেন?
মাহবুবুর রহমান: আমরা এ ব্যাপারে সমর্থন করতেও পারি।
প্রথম আলো: এত দিন স্থানীয় সরকার সংস্থার নির্বাচনগুলো নির্দলীয়ভাবে হয়ে আসছিল। সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে দলীয়ভাবে হবে।
মাহবুবুর রহমান: এটি একটি সাংবিধানিক বিষয়। স্বাধীনতার পর থেকে এত বছর যে ব্যবস্থা চলে আসছিল, সেটি এভাবে হঠাৎ করে পরিবর্তন করা ঠিক হয়নি। এ নিয়ে সরকার বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করতে পারত। দেশ আজ রাজনৈতিকভাবে বিভাজিত। স্থানীয় পর্যায়ে অনেক সৎ ও যোগ্য মানুষ আছেন, যাঁরা দলীয় পরিচয়ে নির্বাচনে আসতে চান না। এত দিন তাঁরা দলের বাইরে থেকে নির্বাচন করতেন। এখন সেটি বন্ধ করে দেওয়া হলো।
প্রথম আলো: সামনে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন। সরকার যদি এটি দলীয়ভাবে করেই ফেলে, বিএনপি কী করবে?
মাহবুবুর রহমান: বিএনপিতে এ নিয়ে এখনো আলোচনা হয়নি। তবে আমি মনে করি, যেহেতু বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, সেই আলোকেই আমরা নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেব। আমাদের বর্তমান আন্দোলন তো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতেই। আমরা নির্বাচনবিমুখ নই।
প্রথম আলো: তাহলে ৫ জানুয়ারি নির্বাচনে না যাওয়া কি বিএনপির ভুল ছিল?
মাহবুবুর রহমান: আমি মনে করি নির্বাচনে যাওয়া উচিত ছিল। নির্বাচনে গেলেই আমরা ভালো থাকতে পারতাম। আমাদের কথা দেশবাসীকে, দেশের বাইরের মানুষকে জানাতে পারতাম। জাতীয় সংসদেও আমাদের কথা তুলে ধরতে পারতাম।
প্রথম আলো: আপনাকে অনেক ধন্যবাদ।
মাহবুবুর রহমান: আপনাকেও ধন্যবাদ।
সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান

আরও পড়ুন :