
আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবি জানিয়ে নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন যে বিবৃতি দিয়েছেন, তার সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ছাত্র বিক্ষোভের সময় শহিদুল আলম ‘মিথ্যা তথ্য’ দিয়েছেন।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন হাসানুল হক ইনু।
সম্প্রতি আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবি জানান নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ এবং শহিদুল আলম এই কাজই বহু বছর ধরে দক্ষতা ও সাহসের সঙ্গে করে আসছেন।
বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় মিথ্যা তথ্য দিয়ে উসকানি দেওয়ার অভিযোগে শহিদুল আলমকে আটক করা হয়েছে। এর আগেও আন্তর্জাতিকভাবে খ্যাত বহু শিল্পী, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, রাজনীতিক এবং নোবেল বিজয়ী ব্যক্তিত্বরা তাঁর মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন।
হাসানুল হক ইনু বলেন, শহিদুল আলম তিনবার প্রকাশ্যে সরাসরি টেলিভিশনে এসে এবং ফেসবুকে লাইভে এসে মিথ্যা তথ্য দিয়ে উসকানি দিয়েছেন। উত্তেজনাকর কথাবার্তা বলেছেন। এটি দেশের আইনের পরিপন্থী।
তথ্যমন্ত্রী বলেন, শহিদুল আলম সম্পর্কে আন্তর্জাতিক নামকরা যেসব ব্যক্তি বিবৃতি দিয়েছেন, তাঁরা বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে সঠিকভাবে অবহিত হননি। ইনু বলেন, ‘শহিদুল আলম গণমাধ্যমের একজন কর্মী এবং নামকরা চিত্রগ্রাহক। যাঁরা বিবৃতি দিচ্ছেন, তাঁরা সঠিক অবস্থা জানলে হয়তো দ্বিতীয়বার চিন্তা করতেন বিবৃতি দেবেন কি না।’
শুধু শহিদুল আলমের বিষয়ে নয়, বাংলাদেশের নানা বিষয় নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং খ্যাতনামা ব্যক্তিরা যখন কোনো বিবৃতি দেন, তখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ সরকার কোনো চাপের মধ্যে পড়ে কি না?
বিবিসির এমন প্রশ্নের উত্তরে ইনু বলেন, ‘শুধু বিদেশিদের বিষয় নয়, দেশের অভ্যন্তরে যদি কোনো বুদ্ধিজীবী এবং গণমাধ্যম কর্মীরা কোনো রিপোর্ট উত্থাপন করে, তাহলে সরকার সেগুলো গ্রাহ্য করার চেষ্টা করে, কোনো চাপের মধ্যে পড়ে না।’
ইনু বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার যখন হচ্ছে, সাজা হচ্ছে, তখনো বহু দেশের রাষ্ট্রপতি ফোন করে আমাদের অনুরোধ করেছেন সাজা না দেওয়ার জন্য। ...তাঁরা একেবারে জঘন্য যুদ্ধাপরাধীদের পক্ষে ওকালতি করেছেন। এতে মনে হয়েছে, বহু সময় বিদেশিরা আমাদের দেশের বাস্তব আইনও জানেন না এবং যাঁর সম্পর্কে বিবৃতি দিচ্ছেন, তাঁর অবস্থানও জানেন না।’
কিছু বিদেশি সংস্থা প্রায়ই বাংলাদেশ সম্পর্কে বিবৃতি দেয়, এ কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের কড়া সমালোচনা করেন ইনু। তিনি বলেন, হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের বাস্তব অবস্থার তোয়াক্কা করে না। বছরের পর বছর একই বিবৃতি দিয়ে যাচ্ছেন, কাটিং অ্যান্ড পেস্টিংয়ের মতো।
বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে বিভিন্ন পক্ষ থেকে যেসব অভিযোগ তোলা হচ্ছে, সেগুলো খারিজ করে দেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে তিন হাজারের বেশি খবরের কাগজ প্রকাশিত হয় এবং ৪১টি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই বলে মনে করেন তথ্যমন্ত্রী।
ছাত্র বিক্ষোভ সম্পর্কে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টের প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, সে সময় নারী লাঞ্ছনা এবং হত্যাকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। ইনু বলেন, মিথ্যা তথ্য দিলে তাঁর বিরুদ্ধে যদি কোনো আইনগত ব্যবস্থা কেউ নিয়ে থাকে, তাহলে সেটা মতপ্রকাশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়।