প্রক্টরের পদত্যাগ দাবিতে ছাত্রলীগের অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার দুপুর ১২টা থেকে উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রলীগের সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) পক্ষের নেতা-কর্মীরা। প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন তাঁরা।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষ ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) এবং সিএফসির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিক্ষার্থী তাপস সরকার। তিনি সিএফসি পক্ষের কর্মী ও বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। দুই পক্ষই নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী।
ফুল হাতে পাশাপাশি, এক ঘণ্টা পর খুনএ ঘটনার প্রতিবাদে দুপুর থেকে উপাচার্য দপ্তরের সামনে অবস্থান নেন সিএফসি পক্ষের নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, তাপস সরকার নিহত হওয়ার ঘটনায় পুলিশ তাঁদের মামলা নেয়নি। গতকালকের ঘটনায় প্রক্টর সিরাজউদ্দৌল্লার সরাসরি মদদ রয়েছে বলে অভিযোগ করেন সিএফসির নেতা-কর্মীরা। তাঁরা প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে এসে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেন সিএফসির নেতা-কর্মীরা। পরে তাঁরা উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নেন। সিএফসির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুনের ভাষ্য, তাঁদের এক ছেলে নির্মমভাবে খুন হওয়ার পরও পুলিশ মামলা নিচ্ছে না। এ ঘটনার প্রত্যক্ষ মদদদাতা প্রক্টর সিরাজউদ্দৌল্লার পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন করে যাবেন তাঁরা।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইলের ভাষ্য, এ ঘটনায় হাটহাজারী থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলায় ৬৫ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ছাত্রলীগের ভিএক্স পক্ষের পাঁচজনের নামে মামলা হয়েছে। তাঁরা হলেন আনিস, আশরাফুজ্জামান, রাশেদ হোসেন ও রুবেল। বাকি একজনের নাম জানা যায়নি।
ওসি মোহাম্মদ ইসমাইল জানান, গতকাল আটক ২৭ জন থানায় রয়েছেন। আটক আরেকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।