প্রচলিত আইনে লতিফ সিদ্দিকীর বিচার চায় বিএনপি
শুধু মন্ত্রিসভা থেকে অব্যাহতি নয়, দেশের প্রচলিত আইনে আবদুল লতিফ সিদ্দিকীর বিচার দাবি করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, আলোচনা-সংলাপে না এলে বিএনপির হাতে আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল আরও বলেন, আবদুল লতিফ সিদ্দিকীকে শুধু অব্যাহতি দিলে মানুষের ক্ষোভ যাবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে তিনি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচারের দাবিতে সারা দেশের মানুষ সোচ্চার হয়েছে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, লতিফ সিদ্দিকীর কটূক্তির প্রতিবাদে গত বুধবার যশোর, রাজশাহী ও নাটোরে বিএনপি-জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশ। এসব জায়গা থেকে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান তিনি। যশোরের পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যশোরের পুলিশ সুপারের স্ত্রী একজন সাংসদ। তাই পুলিশ সুপার প্রশাসনিক কর্মকর্তার মতো আচরণ করেন না, দলীয় ক্যাডারের মতো আচরণ করেন।
সরকারকে সংলাপে আসার আহ্বান জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, বিএনপি সংঘাত চায় না। সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান চায়। এটাকে দুর্বলতা মনে করলে সরকার বড় ভুল করবে। আলোচনা-সংলাপে না এলে বিএনপির হাতে আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির আন্দোলন ও সংলাপের আহ্বানের কোনো ‘টাইম ফ্রেম’ নেই।
ঢাকায় সমাবেশ করা নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে সিদ্ধান্ত জানিয়েছেন, সে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার তাঁর আছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান প্রমুখ উপস্থিত ছিলেন।