প্রচলিত আইনে লতিফ সিদ্দিকীর বিচার দাবি ফখরুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবদুল লতিফ সিদ্দিকীকে অব্যাহতি দিলেই মানুষের ক্ষোভ কমবে না। এ কারণে প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচারের দাবি জানান তিনি।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।
আজ সকালে লন্ডন থেকে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মন্ত্রিসভার পাশাপাশি দল থেকেও বাদ পড়ছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, গতকাল এই লতিফ সিদ্দিকীর কটূক্তির প্রতিবাদে যশোর, রাজশাহী ও নাটোরে বিএনপি-জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশ।
যশোরের পুলিশ সুপারের প্রত্যাহার দাবি করে মির্জা ফখরুল বলেন, যশোরের পুলিশ সুপারের স্ত্রী একজন সাংসদ। তাই পুলিশ সুপার প্রশাসনিক কর্মকর্তার মতো আচরণ করেন না, দলীয় ক্যাডারের মতো আচরণ করেন।

সরকারকে সংলাপে আসার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বিএনপি সংঘাত চায় না। সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান চায়। এটাকে দুর্বলতা মনে করলে সরকার বড় ভুল করবে। আলোচনা-সংলাপে না এলে বিএনপির হাতে আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।