নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী সামিউল হক প্রচার-প্রচারণা শুরুর প্রথম দিনে নানা প্রতিশ্রুতি দিয়েছেন।
গতকাল বুধবার শহীদ সাটু হলে মুক্তিযোদ্ধা সংসদের জেলা কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নির্বাচনী সভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, প্রচার-প্রচারণার সময় জনগণকে প্রতিশ্রুতি দেওয়ার অর্থ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।
ওয়ার্ড কমিটির সদস্য সামিউল হক বলেন, তিনি নির্বাচিত হলে পৌরসভার ১৫টি ওয়ার্ডে কাউন্সিলরদের কার্যালয় নির্মাণ, সেখানে কম্পিউটারসহ তিনজন কর্মচারীর চাকরির ব্যবস্থা করা হবে। নানা প্রয়োজনে মানুষকে আর কষ্ট করে পৌরসভায় আসতে হবে না। পৌরসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। পৌরসভায় তিনটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাসহ রাস্তাঘাট, নালা, পানি ও বিদ্যুৎ সরবরাহ-ব্যবস্থার উন্নয়নে কোনো ঘাটতি রাখবেন না বলে প্রতিশ্রুতি দেন তিনি।
এ ছাড়া পৌরসভার মার্কেটগুলোর সৌন্দর্য বৃদ্ধি করে সেখানে বেবি কেয়ার সেন্টারও প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি। পৌর মেয়রের জন্য যে ভাতা রয়েছে, তা তিনি মসজিদ ও মন্দিরে দান করবেন। এ সময় তিনি বলেন, ‘আমার যথেষ্ট আছে। পৌরবাসীর উন্নয়নের জন্যই কেবল নির্বাচনে দাঁড়িয়েছি।’
মেয়র পদপ্রার্থী জাসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির অভিযোগ করেন, সামিউল হক অনেক আগে থেকেই এ ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, যা আচরণবিধি লঙ্ঘন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।