প্রচারণায় আইন মানার গরজ নেই নেতা–কর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচারণার ব্যানার–ফেস্টুনে ঢাকা পড়েছে রুপালি গিটার চত্বর। চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে
ছবি: জুয়েল শীল

বিখ্যাত ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে স্থাপন করা হয় রুপালি গিটার। বিকেলের সোনারোদ পড়ে চিকচিক করে স্থাপত্যটি। দূরদূরান্ত থেকে ভক্তরা এই গিটার দেখতে কিংবা ছবি তুলতে বিভিন্ন সময় ছুটে আসেন এখানে। তবে এখন যদি তাঁরা আসেন, তাহলে হতাশ হতে হবে। সামনেই চট্টগ্রাম নগর যুবলীগের সম্মেলন। পদপ্রত্যাশী নেতা–কর্মীদের লাগানো ব্যানার-ফেস্টুনে ঢাকা পড়েছে রুপালি গিটার।

শুধু প্রবর্তক মোড়ই নয়, চট্টগ্রাম নগরের সড়কদ্বীপ, সড়ক বিভাজক, সড়কের দুই পাশ, বহুতল ভবন, ফুটপাতসহ বিভিন্ন স্থানে বড় বড় ব্যানার লাগিয়েছেন যুবলীগের পদপ্রত্যাশী নেতা–কর্মী ও তাঁদের সমর্থকেরা। এ ক্ষেত্রে আইন মানার প্রয়োজন মনে করেননি যুবলীগের নেতারা।

নগরের কোথাও ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগানো এবং তোরণ স্থাপন করতে হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুমতি নিতে হয়। দিতে হয় নির্দিষ্ট ফি। কিন্তু সরকারি দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতারা এ অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি। যত্রতত্র ও অপরিকল্পিতভাবে ব্যানার-ফেস্টুন লাগানোর কারণে নগরের সৌন্দর্য ঢাকা পড়েছে।

ব্যানার লাগানোর ক্ষেত্রে অন্যরা অনুমতি নিয়েছে কি না, জানি না। তবে আমি অনুমতি নিইনি। আসলে ঐতিহ্যগতভাবে সম্মেলনকে কেন্দ্র করে এভাবে পোস্টার-ব্যানার লাগানো হয়। তবে সিটি করপোরেশন যদি আমার ব্যানার-ফেস্টুন অপসারণ করে, আমি সাধুবাদ জানাব।
দিদারুল আলম, সভাপতি পদপ্রত্যাশী, চট্টগ্রাম নগর যুবলীগ।

সিটি করপোরেশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, প্রায় ৩০ বছর ধরে চাকরি করছেন তিনি। চাকরিজীবনে নগরে এভাবে ব্যানার-ফেস্টুন লাগাতে আগে কখনোই দেখেননি। এই নগরে মেয়র নির্বাচন হয়েছে, সংসদ নির্বাচন হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সম্মেলন হয়েছে। কিন্তু এ রকম দেখা যায়নি কখনো।

স্থানীয় সরকার আইন (সিটি করপোরেশন) এবং দেয়াললিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইনে নগরে পোস্টার, ব্যানার ও প্রচারপত্র লাগানো বিষয়ে বিশেষ নির্দেশনা রয়েছে। স্থানীয় সরকার আইন ২০০৯ (সিটি করপোরেশন)–এ বলা হয়েছে, সিটি করপোরেশন নির্ধারিত স্থান ছাড়া অন্য কোনো স্থানে বিজ্ঞাপন, নোটিশ, প্ল্যাকার্ড বা অন্য কোনো প্রচারপত্র লাগানো অপরাধ।

যত্রতত্র ও অপরিকল্পিতভাবে ব্যানার-ফেস্টুন লাগানোর কারণে চট্টগ্রাম নগরের সৌন্দর্য ঢাকা পড়েছে
ছবি: জুয়েল শীল

আর দেয়াললিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন ২০১২–এর ৪ নম্বর ধারা অনুযায়ী, স্থানীয় কর্তৃপক্ষ নির্ধারিত স্থান ছাড়া অন্য কোনো স্থানে নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে এবং নির্দিষ্ট ফি দিয়ে দেয়াললিখন বা পোস্টার লাগানো যাবে।

গতকাল বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম নগরের বিমানবন্দর সড়ক, ভিআইপি সড়ক, চট্টগ্রাম আউটার রিং রোড, টাইগারপাস, আগ্রাবাদ, সার্কিট হাউস, কাজীর দেউড়ি, সিনেমা প্যালেস, গোল পাহাড় মোড়, আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়কসহ গুরুত্বপূর্ণ সব এলাকায় এখন শত শত ব্যানার-ফেস্টুন ঝুলছে। নগরের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে স্থাপন করা হয়েছে তোরণ।

একটি আদর্শ শহরে ব্যানার-পোস্টার লাগানোর জন্য নির্দিষ্ট জায়গা থাকে। কিন্তু এখানে সে রকম কিছু নেই। তাই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।
নুরুল আজিম, সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী, চট্টগ্রাম নগর যুবলীগ।

এ বিষয়ে নগর যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী দিদারুল আলম প্রথম আলোকে বলেন, পদপ্রত্যাশীরা নেতা–কর্মীরা প্রচারণার কৌশল হিসেবে সর্বোচ্চ একটি বা দুটি ব্যানার দিতে পারেন। কিন্তু সারা শহরে এত ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে, যা টাকার অপচয় ছাড়া আর কিছু নয়। এতে শহরের সৌন্দর্য ও সম্মেলনের আনন্দ—দুটিই নষ্ট হচ্ছে।

দিদারুল আলম আরও বলেন, ‘ব্যানার লাগানোর ক্ষেত্রে অন্যরা অনুমতি নিয়েছে কি না, জানি না। তবে আমি অনুমতি নিইনি। আসলে ঐতিহ্যগতভাবে সম্মেলনকে কেন্দ্র করে এভাবে পোস্টার-ব্যানার লাগানো হয়। তবে সিটি করপোরেশন যদি আমার ব্যানার-ফেস্টুন অপসারণ করে, আমি সাধুবাদ জানাব।’

নগর যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী নুরুল আজিমও সিটি করপোরেশনের অনুমতি না নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, আসলে একটি আদর্শ শহরে ব্যানার-পোস্টার লাগানোর জন্য নির্দিষ্ট জায়গা থাকে। কিন্তু এখানে সে রকম কিছু নেই। তাই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।

যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে নগরে পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানোর বিষয়ে সিটি করপোরেশনের কাছ থেকে কেউ অনুমতি নেননি বলে জানিয়েছেন সংস্থাটির উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, আসলে এটি রাজনৈতিক বিষয়। এসব পোস্টার-ব্যানার অপসারণে মেয়রের বিশেষ নির্দেশনা লাগবে। আর যে পরিমাণ ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে, তা অপসারণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতা দরকার।

৩০ মে নগরের কিং অব চিটাগং কনভেনশন সেন্টারে নগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।