বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান উপনির্বাচনে বিএনপির প্রার্থী এস এম মঞ্জুর হোসেনের প্রচারণায় বাধা ও হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে এস এম মঞ্জুর হোসেন উল্লেখ করেন, গত বৃহস্পতিবার তাঁর ধানের শীষের কর্মী জাহিদ ফকির, আকতার ফকির, মনির হাওলাদার, শুক্কুর ব্যাপারী, শাহিন বয়াতিসহ সাত-আটজন সমর্থক বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার এলাকায় পোস্টার লাগাতে গেলে নৌকার সমর্থক বাটাজোর ইউনিয়ন যুবলীগের কর্মী জব্বার ফকির, হাবিব বয়াতিসহ ২০-২২ জন লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে পোস্টার ছিনিয়ে নেন ও সেগুলো ছিঁড়ে ফেলেন। এ ছাড়া টাঙানো পোস্টার ছিঁড়ে ফেলেন তাঁরা। সরিকল ইউনিয়নে ধানের শীষের পোস্টার লাগানোর অপরাধে বাবুল কবিরাজের বাড়িতে পুলিশ হানা দিয়ে তাঁকে খোঁজাখুঁজি করে না পেয়ে নানা রকম হুমকি দিয়ে আসে।
এর আগে রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া আরেকটি অভিযোগে উল্লেখ করেন, ২০ ফেব্রুয়ারি বিএনপির প্রার্থীর পক্ষে বার্থী ইউনিয়নের বিভিন্ন এলাকায় যুবদলের নেতা-কর্মীরা প্রচারণা চালাতে গেলে আওয়ামী লীগের কর্মীরা পোস্টার ছিনিয়ে নিয়ে সেগুলো পুড়িয়ে দেন। ২১ ফেব্রুয়ারি যুবদল ও ছাত্রদলের কর্মীরা টরকী বাসস্ট্যান্ডে পোস্টার সাঁটাতে গেলে তাঁদের ওপরও চড়াও হন আওয়ামী লীগের কর্মীরা। এ সময় মিলন সরদার ও বোরহান নামে দুই যুবদল কর্মীকে মারধর করে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
গৌরনদী উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন সরদার অভিযোগ করে বলেন, তিনি গত রোববার উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর এলাকায় দলের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গেলে রাসেল প্যাদা ও রায়হান ফকিরের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের ১০-১২ জন নেতা-কর্মী হামলা চালিয়ে পোস্টার ছিনিয়ে নেন। এ সময় তাঁরা পালিয়ে প্রাণে রক্ষা পান। একই ধরনের অভিযোগ করেন সরিকল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পনির মৃধা (৩৬)। ভ্যানচালক বোরহান খলিফা অভিযোগ করেন, তিনি ধানের শীষের পোস্টার লাগানোর জন্য ভাড়ায় যান। শনিবার টরকী নীলখোলা এলাকায় পৌঁছালে নৌকা মার্কার সমর্থকেরা হামলা চালিয়ে মারধর করে ভ্যানটি নিয়ে যান। পরে আওয়ামী লীগের নেতাদের মধ্যস্থতায় একদিন পর শর্তসাপেক্ষে ফেরত দেওয়া হয়।
এস এম মঞ্জুর হোসেন অভিযোগ করে বলেন, ‘প্রচারণায় নামলে আমাকে হত্যা করা হবে বলে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।’
আওয়ামী লীগের দলীয় প্রার্থী সৈয়দা মনিরুন নাহার অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির প্রার্থী মঞ্জুর হোসেন জনবিচ্ছিন্ন। দলের নেতা-কর্মীর সঙ্গে তাঁর যোগাযোগ নেই। তিনি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ ছড়াচ্ছেন। নিশ্চিত ভরাডুবি জেনে নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত মিথ্যা অভিযোগ করেছেন।
গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবদিন হাওলাদার বিএনপির প্রার্থীর অভিযোগ মিথ্যা ও বানোয়াট আখ্যা দিয়ে বলেন, গৌরনদীর কোথাও তাঁর কোনো কর্মী প্রচারণায় নামেননি। নিজেও কখনো এলাকায় আসেননি, এলাকায় না এসেই, আসতে না দেওয়ার নাটক করে ভোটারদের সঙ্গে প্রতারণা করছেন তিনি।
বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আরিফুল হক একাধিক লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিএনপি প্রার্থীর অভিযোগগুলো খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ৬ মার্চ গৌরনদী উপজেলা পরিষদ চেয়ারম্যান উপনির্বাচনের ভোট গ্রহণ।