পৌরসভা নির্বাচন সুষ্ঠু হবে কি না, এ নিয়ে বিএনপির নেতারা শঙ্কার কথা বললেও দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে দলটি। সরকারি পদে না থাকায় প্রচারে নামতে দলটির নেতাদের কেউ আইনি বাধার মুখে পড়বেন না। আর এই সুযোগটাই কাজে লাগাতে চায় দলটি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে দলের কেন্দ্রীয় নেতাদের পৌর নির্বাচনে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। বৈঠকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, রুহুল আলম চৌধুরী, শামসুজ্জামান দুদু ও এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, হাফিজউদ্দিন আহম্মদ ও সেলিমা রহমান এবং যুগ্ম মহাসচিব মো. শাহজাহান ও মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকের একাধিক সূত্র প্রথম আলোকে বলেছে, বৈঠকে মূলত পৌরসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। ১২ থেকে ১৫ জন নেতা মতামত তুলে ধরেন। বৈঠকে জানানো হয়েছে নির্বাচন পরিচালনায় এক বা একাধিক কমিটি গঠন করা হবে। খালেদা জিয়া দলের কেন্দ্রীয় নেতাদের বলেছেন, শেষ পর্যন্ত নির্বাচনে থাকার চেষ্টা করতে হবে। যাঁরা অতীতে সংসদ নির্বাচন করেছেন, তাঁরা মাঠে থাকবেন। কেন্দ্রীয় নেতারা নিজ নিজ এলাকায় মাঠে থাকবেন। এর বাইরে কোথাও প্রয়োজন হলে কেন্দ্রীয় নেতাদের যাঁকে যেখানে যেতে বলা হবে তিনি সেখানে যাবেন।
বৈঠক সূত্র জানায়, চেয়ারপারসন বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে বৈঠকে জানতে চেয়েছেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত নেতারা জানান, অনেক বিদ্রোহী ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। আজ রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বেশির ভাগই প্রত্যাহার করে নেবেন তাঁরা আশা করছেন।
জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান বলেন, শিগগির নির্বাচন পরিচালনার জন্য কমিটি করা হবে। এর বাইরে আরও কমিটি থাকবে।
দলীয় সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ের নেতাদের অনেকে চান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রচারে নামুন। সরকারি কোনো পদে না থাকায় প্রচারে নামতে তাঁর ক্ষেত্রে বাধা নেই। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দল-সমর্থিত প্রার্থীদের পক্ষে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু এবার বিএনপির চেয়ারপারসন প্রচারে নামবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
দলের দায়িত্বশীল একাধিক নেতা প্রথম আলোকে বলেন, পৌরসভা নির্বাচনে খালেদা জিয়ার প্রচারে নামার সম্ভাবনা কম। এখানে খালেদা জিয়ার নিরাপত্তার বিষয়টি জড়িত। ঢাকায় প্রচারে নেমে তিনি পরপর কয়েক দিন হামলার মুখে পড়েছিলেন। ঢাকার বাইরে গেলেও একই ধরনের পরিস্থিতির মুখে পড়তে পারেন। আবার ঢাকার বাইরে মামলার ঝামেলাও তৈরি হতে পারে।
খালেদা জিয়া প্রচারে মাঠে নামুন আর নাই নামুন, বিএনপি নির্বাচনকে সামনে রেখে একাধিক কমিটি করার চিন্তা করছে। গত বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে কেন্দ্রীয়ভাবে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রীয়ভাবে বিএনপির নির্বাচন-প্রক্রিয়া সমন্বয়ের সঙ্গে যুক্ত একজন নেতা বলেন, ওই কমিটির বাইরেও আলাদা কয়েকটি কমিটির চিন্তা চলছে। এর মধ্যে বিভাগীয় পর্যায়ে আলাদা কমিটি, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য আলাদা কমিটি করা হবে। এ ছাড়া ২০-দলীয় জোটের একটি সমন্বয় কমিটি করার কথাও ভাবা হচ্ছে।
আরও পড়ুন : প্রচারে কমিটি হয়নি লড়াইয়ে ছাড় নয়